33.2 C
Dhaka
সোমবার, জুন ২২, ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুর আহ্বান প্রধানমন্ত্রীর

জনপ্রিয়

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগের পাশাপাশি শ্রমবাজার দ্রুত চালুর বিষয়টি বিবেচনা করতে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের নিয়মিতকরণ এবং আটক কর্মীদের পুনরায় কর্মসংস্থানের বিষয়টিও আলোচনায় তুলে ধরেন তিনি।
তারেক রহমান বলেন, দুই দেশই একমত হয়েছে যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী। বিশেষ করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে শ্রমিকদের নিয়োগ ব্যয় হ্রাস করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।
আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় এবং আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এ যোগদানের বিষয়েও বাংলাদেশের আগ্রহ রয়েছে।
তিনি আরও জানান, দুই নেতার আলোচনায় তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি রপ্তানি, হালাল শিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি এবং সেমিকন্ডাক্টর শিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পেয়েছে।
এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে বৈঠকে মিলিত হন দুই দেশের সরকারপ্রধান। বৈঠকের আগে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার পাশাপাশি শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- Advertisement -spot_img
সর্বশেষ

ইউটিউব লাইভে গান গেয়ে ৭৪ দোররার সাজা, বিতর্কে ইরানের আদালত

ইউটিউবে লাইভ কনসার্ট সম্প্রচার এবং হিজাব ছাড়া গান পরিবেশনের অভিযোগে ইরানি সংগীতশিল্পী এবং তার প্রযোজনা দলের আট সদস্যকে ৭৪টি...