28 C
Dhaka
শনিবার, জুন ২৭, ২০২৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলের আসনে ফের ব্রাজিল, চাপে জার্মানি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

২০২৬ ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি রেকর্ডের খাতাতেও জমে উঠেছে উত্তেজনা। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় আবারও এককভাবে শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল।
স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ৩-০ গোলের জয় তুলে নেওয়ার পর বিশ্বকাপে ব্রাজিলের মোট গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৪-এ। এর ফলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জার্মানিকে পেছনে ফেলে এককভাবে সবার ওপরে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের আগে দুই দলের গোলসংখ্যাই ছিল ২৪১। ফলে ব্রাজিল ও জার্মানি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা দলের রেকর্ড ভাগাভাগি করছিল। তবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডকে হারিয়ে সেই সমীকরণ বদলে দিয়েছে সেলেসাওরা।
ব্রাজিলের জয়ে বড় অবদান রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তিনি জোড়া গোল করে দলের জয় সহজ করে দেন। অপর গোলটি করেন মাথিয়াস কুনিয়া। এই জয়ের মাধ্যমে শুধু তিন পয়েন্টই নয়, ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ডও নিজেদের করে নিয়েছে ব্রাজিল।
তবে শীর্ষস্থান ধরে রাখার লড়াই এখনও শেষ হয়নি। একই দিনে ইকুয়েডরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে জার্মানির। বড় ব্যবধানে জয় পেলে তারা আবারও ব্রাজিলের কাছ থেকে রেকর্ডের মুকুট ছিনিয়ে নিতে পারে।
বিশ্বকাপের শুরু থেকেই দুই দলের মধ্যে গোলসংখ্যার এই প্রতিযোগিতা চলছে। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিলের মোট গোল ছিল ২৩৮। পরদিন কুরাসাওকে ৭-১ ব্যবধানে হারিয়ে জার্মানি ২৩৯ গোলে পৌঁছে শীর্ষে উঠে যায়। পরে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে ব্রাজিল আবারও এগিয়ে যায় এবং দুই দলের গোলসংখ্যা সমান হওয়ার আগে কয়েকদিন এককভাবে শীর্ষে ছিল।
এদিকে ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও জমে উঠেছে প্রতিযোগিতা। ৫ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে রয়েছেন লিওনেল মেসি। চারটি করে গোল করে তার পেছনে আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও ভিনিসিয়ুস জুনিয়র।
বিশ্বকাপের নকআউট পর্ব যত ঘনিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে ব্যক্তিগত ও দলগত রেকর্ডের লড়াইয়ে। এখন দেখার বিষয়, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের সিংহাসন শেষ পর্যন্ত ব্রাজিল ধরে রাখতে পারে কি না, নাকি জার্মানি আবারও সেই আসন পুনরুদ্ধার করে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মূল আসামির বদলে আদালতে আত্মসমর্পণ, নারীসহ তিনজনের বিরুদ্ধে জালিয়াতির মামলা

ঢাকার একটি আদালতে ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় মূল আসামির পরিবর্তে অন্য একজন নারীকে আত্মসমর্পণ করিয়ে জামিন নেওয়ার...