দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দার আইটেম গানে ফিরছেন চিত্রনায়িকা সিন্ডি রোলিং। নির্মাতা ওয়ালিদ আহমেদের নতুন চলচ্চিত্র *’জীবনের খেলা’*সহ আরও একটি সিনেমার বিশেষ গানে পারফর্ম করবেন তিনি। শুধু নাচেই নয়, দুটি গানের পোশাক পরিকল্পনার দায়িত্বও নিজেই পালন করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন সিন্ডি। এবার আইটেম গানে নতুন আঙ্গিক ও ভিন্নধর্মী উপস্থাপনা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
সিন্ডি বলেন, এর আগে শাকিব খান ও আরিফিন শুভর সঙ্গে কাজ করলেও ‘জীবনের খেলা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা সজলের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন। নির্মাতা ওয়ালিদ আহমেদ তার ওপর আস্থা রাখায় তিনি কৃতজ্ঞ বলেও উল্লেখ করেন।
তিনি জানান, ক্যারিয়ারের শুরু থেকেই নিজের স্টাইলিং ও উপস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। এমনকি ‘কমন জেন্ডার’ এবং ‘চোরাবালি’ চলচ্চিত্রে নিজের পারফরম্যান্সের কোরিওগ্রাফিতেও তিনি সরাসরি কাজ করেছিলেন। নতুন দুটি আইটেম গানেও সেই ধারাবাহিকতায় ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন।
অভিনেত্রীর ভাষ্য, ‘মাসুদ রানা’-তে অভিনয়ের জন্য যেমন দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছেন, তেমনি ‘মেঘের কপাট’, ‘সুপারহিরো’, ‘কমন জেন্ডার’, ‘চোরাবালি’ ও ‘কিস্তিমাত’-এ তার কাজ এখনও দর্শকদের মনে রয়েছে। তাই নতুন প্রজেক্টগুলোতেও আরও বড় পরিসরে কাজ করছেন এবং এবার দর্শক তাকে সম্পূর্ণ নতুন লুকে দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, নোমান রবিন পরিচালিত ‘কমন জেন্ডার’ চলচ্চিত্রের আইটেম গানের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন সিন্ডি রোলিং। পরে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ এবং আরিফিন শুভ অভিনীত ‘কিস্তিমাত’-এর আইটেম গানেও তিনি দর্শকদের নজর কাড়েন।
অভিনয়ের ক্ষেত্রেও রয়েছে তার আন্তর্জাতিক স্বীকৃতি। ‘কমন জেন্ডার’ চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোব ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়। এছাড়া ২০২৪ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত সুচিত্রা সেন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন তিনি।