28.1 C
Dhaka
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

পশ্চিম ইউরোপ পেরিয়ে মধ্যাঞ্চলে তাপপ্রবাহের বিস্তার, জার্মানি-ইতালিতে চরম সতর্কতা

জনপ্রিয়

পশ্চিম ইউরোপে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহ ধীরে ধীরে পূর্ব ও মধ্য ইউরোপের দিকে ছড়িয়ে পড়ছে। জার্মানি ও ইতালিতে অস্বাভাবিক গরমে জনজীবন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় স্বাস্থ্যঝুঁকি, পরিবহন সমস্যা এবং অবকাঠামোগত ক্ষতির আশঙ্কা বেড়েছে।
জার্মানির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, শুক্রবার দেশটিতে সর্বোচ্চ ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবারও প্রায় পুরো দেশজুড়ে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় পানি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান ডোনারভেটার ডটডিই-এর আবহাওয়াবিদ কার্স্টেন ব্রান্ট বলেন, সপ্তাহান্তেই তাপপ্রবাহ সবচেয়ে তীব্র রূপ নিতে পারে এবং জার্মানির কিছু এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা দেখা যেতে পারে।
অন্যদিকে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় মিলান, রোম, তুরিন, ভেনিস, ফ্লোরেন্স, জেনোয়া ও বোলোনিয়াসহ ১৮টি শহরে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে। দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার পূর্বাভাস রয়েছে। তীব্র গরমের কারণে জনপ্রিয় সংগীতশিল্পী লোরেদানা বের্তে চিকিৎসকদের পরামর্শে নির্ধারিত কনসার্টও বাতিল করেছেন।
ফ্রান্স, ব্রিটেন, সুইজারল্যান্ড এবং জার্মানিতে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। ফ্রান্সে তাপপ্রবাহের কারণে শিশু ও বয়স্কসহ কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অতিরিক্ত গরমের কারণে রেল চলাচল, বিদ্যুৎ উৎপাদন এবং বিভিন্ন উন্মুক্ত অনুষ্ঠান ব্যাহত হচ্ছে। কিছু এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং অ্যালকোহল বিক্রিতে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
প্রচণ্ড গরমে সড়ক, রেললাইন ও বিদ্যুৎ ব্যবস্থার ওপরও চাপ বাড়ছে। অতিরিক্ত তাপে সড়ক বিকৃত হওয়া, রেললাইন প্রসারিত হওয়া এবং দাবানল ও বজ্রঝড়ের কারণে বিদ্যুৎ ও সিগন্যাল ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় জার্মানির রাষ্ট্রীয় রেল অপারেটর ডয়চে বান আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দূরপাল্লার ট্রেনের টিকিট বিনা খরচে পরিবর্তন বা বাতিলের সুযোগ দিয়েছে। এছাড়া ন্যাশনাল এক্সপ্রেস নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার একটি গুরুত্বপূর্ণ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত করেছে।
তাপপ্রবাহের প্রভাব পড়েছে ক্রীড়া আয়োজনেও। রোববার ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিতব্য আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাইক্লিং ও দৌড়ের রুট ছোট করা হয়েছে। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং কৃষি উৎপাদন ও হাসপাতাল সেবাও চাপে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, ‘ওমেগা ব্লক’ নামে পরিচিত একটি বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে এই দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। এতে উষ্ণ বায়ুর একটি বিশাল স্তর দীর্ঘ সময় ধরে একই অঞ্চলের ওপর অবস্থান করায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, মাসের শেষ দিকে তাপপ্রবাহটি মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে সরে যাবে। রোববার থেকে কিছু এলাকায় বজ্রঝড়ের কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে জলবায়ুবিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের তীব্র ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘জীবনবান্ধব’ বাজেটের মাধ্যমে নতুন অর্থনীতির ভিত্তি গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; বরং...