- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল জাপান। দলের অন্যতম ভরসা এবং ‘জাপানিজ মেসি’ নামে পরিচিত তাকেফুসা কুবো ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারছেন না। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে ছাড়াই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মোকাবিলা করতে হবে ব্লু সামুরাইদের।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু জানান, কুবো এখনও পূর্ণ অনুশীলনে ফিরতে পারেননি। তিনি ব্যক্তিগতভাবে ফিটনেস ট্রেনিং করলেও ম্যাচ খেলার মতো অবস্থায় নেই।
মোরিয়াসু বলেন,
‘কুবো এখনও শুধু ব্যক্তিগতভাবে দৌড় ও পুনর্বাসনের কাজ করছে। তাই ব্রাজিলের বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে না। আমরা চাই সে দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরুক।’
বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। তবে দলের সবচেয়ে সৃজনশীল খেলোয়াড়কে ছাড়া মাঠে নামতে হবে তাদের।
বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করার সময় বাম হাঁটুতে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও খেলতে পারেননি তিনি। পুনর্বাসন চললেও এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরার মতো ফিটনেস অর্জন করতে পারেননি।
তবু আত্মবিশ্বাস হারাচ্ছেন না জাপানের কোচ। তার বিশ্বাস, শক্তিশালী ব্রাজিলকে আবারও চমকে দেওয়া সম্ভব।
মোরিয়াসু বলেন,
‘র্যাংকিং ও শক্তির বিচারে ব্রাজিল অবশ্যই এগিয়ে এবং তারা শিরোপার অন্যতম দাবিদার। অনেকেই আমাদের আন্ডারডগ বলবে। কিন্তু গত বছরও কেউ ভাবেনি আমরা ব্রাজিলকে হারাতে পারব। তারপরও আমরা জিতেছিলাম। সেই বিশ্বাস নিয়েই মাঠে নামব। আমরা ইতিহাস গড়তে চাই।’
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। এবার বিশ্বকাপের মঞ্চেও সেই সাফল্যের পুনরাবৃত্তির আশায় রয়েছে ব্লু সামুরাইরা, যদিও কুবোর অনুপস্থিতি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

