ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সফরে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার আবেদন করেছেন। তবে ভিসা প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এখনো তার ভ্রমণের টিকিট চূড়ান্ত হয়নি। ভিসা অনুমোদনের পর সফরের সময়সূচি নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি চলছে। আনুষ্ঠানিক অনুমোদন পেলেই প্রতিনিধিদলের সফরসূচি প্রকাশ করা হবে।
এদিকে একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ মোট চারজন নেতার ইরান সফরের প্রস্তুতির কথাও জানা গেছে।
এনসিপির একাধিক নেতা জানান, প্রয়াত ইরানি নেতার প্রতি শ্রদ্ধা জানানোই এ সফরের মূল উদ্দেশ্য। তাদের ভাষ্য, এ ধরনের সফর দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সফরের চূড়ান্ত সময়সূচি ও আনুষ্ঠানিক ঘোষণা ভিসা ও কূটনৈতিক প্রক্রিয়া শেষ হওয়ার পর জানানো হবে।