সব বেসরকারি ক্লিনিকে চলতি মাসের মধ্যেই ডেলিভারি রুম চালু করার নির্দেশ দিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত দুই মাস ধরে উপজেলা পর্যায় পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে। পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে লার্ভা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে।
তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হয়েছে। স্যালাইনের সাময়িক সংকট থাকলেও বর্তমানে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং নিয়মিত নতুন চালান আসছে।
রোগীদের চিকিৎসা বিষয়ে তিনি নির্দেশনা দিয়ে বলেন, জ্বর কমে গেলেও চিকিৎসক পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না। বিশেষ করে প্লাজমা লিকেজের সম্ভাবনা রয়েছে কি না, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেন, গত বছরের তুলনায় বর্তমানে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিও সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
তিনি জানান, স্বাস্থ্যখাতে এক লাখ নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রায় ৮০ হাজার হবেন নারী, যাদের অধিকাংশই মিডওয়াইফারি সেবার সঙ্গে যুক্ত থাকবেন।