যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের ‘হিটলিস্টের’ শীর্ষে রয়েছেন। চলতি সপ্তাহে একাধিকবার প্রকাশ্যে নিজের নিরাপত্তা ও সম্ভাব্য হত্যাচেষ্টা নিয়ে মন্তব্য করেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সম্প্রতি ট্রাম্পকে হত্যার সম্ভাব্য একটি নতুন পরিকল্পনার তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি অনেক দিন ধরেই তাদের এক নম্বর লক্ষ্যবস্তু। তবে যদি আমার কিছু হয়, তাহলে কী করতে হবে—সে বিষয়ে আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি।’
তিনি আরও দাবি করেন, যদি তার ওপর হামলা হয়, তাহলে ইরানের বিরুদ্ধে এমন মাত্রার সামরিক জবাব দেওয়া হবে, ‘যা তারা আগে কখনো দেখেনি।’
ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় ট্রাম্পবিরোধী কিছু ব্যানার ও পোস্টার প্রদর্শনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এদিকে, ইসরায়েলের পক্ষ থেকে নতুন গোয়েন্দা সতর্কতার কথা সামনে এলেও ট্রাম্প বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, ‘ইসরায়েল নতুন কোনো তথ্য পায়নি।’
এর আগেও ন্যাটো সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প নিজেকে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিলেন। একই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি তাদের প্রতিটি তালিকায় আছি। এখন পর্যন্ত হয়তো ভাগ্য আমার সঙ্গে ছিল, কিন্তু সেটা কত দিন থাকবে, জানি না।’
ট্রাম্পের এসব মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা নতুন করে আলোচনায় রয়েছে। তবে ইরান সরকার ট্রাম্পের সর্বশেষ দাবিগুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।