| Your Ads Here 100x100 |
|---|
দলীয় সংকট ও ভাঙনের মধ্যেও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা ব্যানার্জি। বয়স নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেছেন, এখনও দলকে নতুন করে সংগঠিত করার সক্ষমতা তার রয়েছে এবং বিজেপির পতন না দেখা পর্যন্ত তিনি রাজনীতি ছাড়বেন না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, বুধবার ফেসবুকে দেওয়া এক বার্তায় ৭১ বছর বয়সী মমতা বলেন, বয়স নয়, মানুষের কর্মক্ষমতাই আসল বিষয়। বয়স নিয়ে কাউকে অপমান করা উচিত নয়। তিনি প্রশ্ন রাখেন, তিনি কখনও ভারতের প্রধানমন্ত্রীর বয়স নিয়ে মন্তব্য করেছেন কি না।
মমতা আরও বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন বিজেপির অনেকে তার মৃত্যু কামনা করেছিল। তবে তিনি দাবি করেন, বিজেপির পতন না দেখা পর্যন্ত তিনি রাজনীতির ময়দান ছাড়বেন না।
দলত্যাগীদের উদ্দেশে টিএমসি প্রধান বলেন, যারা যেতে চায় তারা যেতে পারে, কিন্তু যারা পাশে থাকবে তারাই দলের প্রকৃত শক্তি। তিনি বলেন, ১৯৯৭ ও ২০০৪ সালের মতো প্রয়োজন হলে ২০২৬ সালেও নতুন করে শুরু করার সাহস তার রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, তিনি তিন প্রজন্মের নেতৃত্ব তৈরি করেছেন এবং দলের কর্মীদের পাশে থাকবেন।
এদিকে সাম্প্রতিক সময়ে টিএমসিতে অভ্যন্তরীণ বিভক্তি আরও প্রকট হয়েছে। বিদ্রোহী নেতা ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে দলের একটি বড় অংশ অবস্থান নিয়েছে বলে বিভিন্ন দাবি উঠে এসেছে। একই সঙ্গে লোকসভার ২০ জন টিএমসি সাংসদ একটি ছোট রাজনৈতিক দলে যোগ দিয়ে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) প্রতি সমর্থন জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২১ জুলাইয়ের ঐতিহ্যবাহী ‘শহীদ দিবস’ কর্মসূচিকে কেন্দ্র করেও বিভক্তি প্রকাশ্যে এসেছে। এবার কলকাতায় অল্প দূরত্বে পৃথক দুটি সমাবেশ করবে টিএমসির দুই পক্ষ। এ বিষয়ে কলকাতা হাইকোর্ট মমতা-সমর্থিত শিবিরকে বীরলা প্ল্যানেটারিয়ামের কাছাকাছি এলাকায় সমাবেশের অনুমতি দিয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে যুব কংগ্রেসের আন্দোলনে নিহত ১৩ কর্মীর স্মরণে প্রতিবছর ২১ জুলাই ‘শহীদ দিবস’ পালন করে তৃণমূল কংগ্রেস। সময়ের সঙ্গে এটি দলটির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে।

