বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আত্মবিশ্বাসে উজ্জীবিত স্পেন শিরোপার খুব কাছাকাছি। তবে শিরোপা জয়ের আগেই বিস্ময়কর এক ঘোষণা দিয়ে আলোচনায় উঠে এসেছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া।
চেলসির এই লেফট-ব্যাক জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপ জিতে, তাহলে পরদিনই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেকে। তার ভাষ্য, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ—দুটি বড় শিরোপাই জয়ের পর আন্তর্জাতিক ফুটবলে আর নতুন করে পাওয়ার কিছু থাকবে না।
স্প্যানিশ সংবাদমাধ্যম মভিস্টারপ্লাস-এ দেওয়া এক সাক্ষাৎকারে কুকুরেইয়া বলেন, “বিশ্বকাপ জিততে পারলে পরদিনই কোচকে ফোন করে জানিয়ে দেব, আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াতে চাই।”
এর আগে অবশ্য তিনি মজা করে বলেছিলেন, স্পেন বিশ্বকাপ জিতলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু শরীরে আঁকাবেন। এবার সেই রসিকতার চেয়েও বড় ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার।
বর্তমান বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা কুকুরেইয়া। ফাইনালে ওঠার পথে সাতটি ম্যাচের সবগুলোতেই শুরুর একাদশে খেলেছেন তিনি। পুরো আসরে তাকে এক মিনিটের জন্যও বদলি করার প্রয়োজন মনে করেননি কোচ। তার উপস্থিতিতে স্পেনের রক্ষণ ছিল দুর্ভেদ্য, যেখানে প্রতিপক্ষ দলগুলো মাত্র একটি গোল করতে সক্ষম হয়েছে।
রবিবারের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে স্পেন। শিরোপা জিতলে কুকুরেইয়া সত্যিই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন, নাকি এটি শুধুই রসিকতা ছিল—সেটির উত্তর মিলবে ফাইনালের পর।