সংবাদ: ঢাকা, ১৮ জুলাই: বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও পুনর্ব্যক্ত করেছে দেশটি।
রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘Long Live Bangladesh-China Friendship’ শীর্ষক আলোচনা সভায় এ বিষয়গুলো উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক বর্তমানে কেবল কূটনৈতিক পর্যায়েই সীমাবদ্ধ নয়; শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও জনগণের পারস্পরিক যোগাযোগেও এর বিস্তার ঘটেছে। চীনের প্রযুক্তিগত অগ্রগতি ও বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, জাতীয় স্বার্থে চীনের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশের সঙ্গেও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক বজায় রাখা জরুরি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চীন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। তিনি বাণিজ্য সম্প্রসারণ, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে চীন আগ্রহী। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নান্নুর সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।