রাজধানী ঢাকার যানজট কমানো, পরিবেশ সংরক্ষণ এবং নগরবাসীর জন্য বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ঢাকার চারপাশের নৌপথ দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সভায় নদীদূষণ নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এ সময় ঢাকার চারপাশের নৌপথে যাত্রী পরিবহন সেবা সম্প্রসারণে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবেশ রক্ষা ও নগর সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে নদীতীরবর্তী ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশও দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নদীতীরকে আরও আকর্ষণীয় করে তুলবে।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।