32 C
Dhaka
রবিবার, আগস্ট ৯, ২০২৬

লাপাত্তা’ দিয়ে অভিনয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ের ব্যস্ততায় ফিরছেন নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে তাকে। আজ শনিবার (৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।
নির্মাতা জানিয়েছেন, প্রথম দিনের দৃশ্যধারণ হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। এরপর রাজধানীর তিনশ ফিট-পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন স্থানে চলবে শুটিং। সব মিলিয়ে প্রায় ১০ দিন ধরে সিনেমাটির দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে।
মেহেদী হাসান হৃদয় বলেন, শনিবার থেকেই শুটিং শুরু করছেন তারা। প্রথম দিন এফডিসিতে কাজ হবে। এরপর অন্যান্য লোকেশনে দৃশ্যধারণ করা হবে। দর্শকদের জন্য নতুন ও ভিন্নধর্মী কিছু নির্মাণের চেষ্টা থাকবে বলেও জানান তিনি।
‘লাপাত্তা’র প্রথম দিনের শুটিংয়ে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করবেন নাসির উদ্দিন খান। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে ওয়েব ফিল্মটি।
‘লাপাত্তা’র কাজ শেষ হওয়ার পরই নতুন সিনেমা ‘নিঃস্ব’ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন মেহেদী হাসান হৃদয়। অক্টোবরের শেষ দিকে শাকিব খানকে নিয়ে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। তবে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইধিকা পালের নাম আলোচনায় এলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, তার সঙ্গে এখনো কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘নিঃস্ব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে পাকিস্তানের কোনো অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে চলতি মাসেই সম্ভাব্য অভিনেত্রীর সঙ্গে আলোচনা শুরু হতে পারে। সবকিছু চূড়ান্ত হলে মাসের শেষ দিকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
মেহেদী হাসান হৃদয় ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। এরপর ‘রাক্ষস’ নির্মাণের পর এবার ‘লাপাত্তা’র মাধ্যমে ওটিটি কনটেন্ট নির্মাণে অভিষেক হচ্ছে তার।
অন্যদিকে দীর্ঘ বিরতির পর নুসরাত ফারিয়ার অভিনয়ে ফেরাকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নতুন ওয়েব ফিল্মে তার চরিত্র ও অভিনয় কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা সাময়িকভাবে অভিযান স্থগিত করে পরিস্থিতি পর্যালোচনা ও দল পুনর্গঠন...