বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হলে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে জানান।
অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় সংগঠনটির নতুন কমিটির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অ্যামচেম প্রতিনিধিরা জানান, প্রায় দুই মাস আগে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে তারা কাজ করছেন।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং তাদের বিনিয়োগ কার্যক্রম সহজ করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
সাক্ষাতে বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।