| Your Ads Here 100x100 |
|---|
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। সরবরাহ বাড়তে থাকায় শিম, বেগুন, ফুলকপি, কাঁচামরিচ, পটলসহ বিভিন্ন সবজির দাম কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে মাছ ও মাংসের বাজারে এখনো দামের তেমন পরিবর্তন নেই। বেশ কিছু মাছ কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। অন্যদিকে, পাইকারি বাজারে দাম বেশি থাকায় মুরগির দামও কমাতে পারছেন না খুচরা বিক্রেতারা।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর গুলশান, উত্তর বাড্ডাসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কাঁচামরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা এবং শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। গোল বেগুনের কেজি ১০০ টাকা ও লম্বা বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি কাঁকরোল ৬০ টাকা, করলা ৭০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, কচুর মুখি ৬০ থেকে ৭০ টাকা এবং চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। পেঁপের কেজি ৩০ টাকা।
গুলশানের কালাচাঁদপুর কাঁচাবাজারের আল্লাহর দান সবজি বিতানের বিক্রেতা জিসান আলম বলেন, পাইকারি বাজারে সবজির দাম কমেছে। ফলে খুচরা বাজারেও তুলনামূলক কম দামে সবজি বিক্রি করা যাচ্ছে। সামনে সরবরাহ আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।
সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছের বাজারে চড়া দাম অব্যাহত রয়েছে। প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। আকারভেদে রুই মাছের কেজি ২৪০ থেকে ৩০০ টাকা এবং পাঙাশ ২০০ টাকা। পাবদা মাছের কেজি ৩৬০ টাকা।
ইলিশের দামও ক্রেতাদের নাগালের বাইরে। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। ছোট আকারের ইলিশের দামও কেজিপ্রতি এক হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
জোয়ার সাহারা বাজারের মাছ বিক্রেতা জাকির হোসেন বলেন, মাছের বাজারে এখনো দাম বেশ চড়া। বিশেষ করে বড় আকারের ইলিশ কিনতে গেলে ক্রেতাদের অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে।
মুরগির বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগির কেজি ৩১০ থেকে ৩২০ টাকা এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। অন্যদিকে, গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা।
কালাচাঁদপুরের মায়ের দোয়া চিকেন হাউজের বিক্রেতা জিসান বলেন, পাইকারি বাজারে মুরগির দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে দাম কমানো সম্ভব হচ্ছে না। পাইকারি দামে বাড়তি খরচ হওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
বাজারে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতের আগাম সবজি আসায় কিছুটা স্বস্তি মিললেও মাছ-মাংসের উচ্চমূল্য সংসারের খরচ বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও সীমিত আয়ের পরিবারগুলোকে বাজার করতে গিয়ে হিসাব কষতে হচ্ছে।
কালাচাঁদপুরে ভাড়া বাসায় থাকেন বেসরকারি চাকরিজীবী সুমন হোসেন। স্ত্রী-সন্তানসহ চার সদস্যের সংসার তার। প্রতি সপ্তাহে একসঙ্গে বাজার করেন তিনি। সুমন জানান, শীতকালীন সবজি আসায় দাম কিছুটা কমেছে। তবে খোলা বাজারে তুলনামূলক কম দামে সবজি পাওয়া যাচ্ছে।
নিজের কেনা সবজি দেখিয়ে সুমন বলেন, খোলা বাজার থেকে আধা কেজি কাঁচামরিচ ৩০ টাকায়, লম্বা বেগুন ৬০ টাকায় এবং শিম ৬০ টাকায় কিনেছেন। বিভিন্ন সবজির দোকান থেকে এসব কিনতে গেলে আরও বেশি টাকা খরচ হতো।
তবে মাছ, মুরগি ও গরুর মাংসের দাম আগের সপ্তাহের তুলনায় তেমন কমেনি বলে জানান তিনি। ফলে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে বাড়তি খরচের চাপ রয়েই গেছে।

