| Your Ads Here 100x100 |
|---|
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। এরই মধ্যে প্রশাসনের তিন জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাঁদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ।
বৃহস্পতিবার টড ব্ল্যাঞ্চ জানান, নাগরিক অধিকারবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিত ধীলনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি। ধীলন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
দায়িত্ব পালনকালে ধীলন প্রায় ৩০টি অঙ্গরাজ্য থেকে ভোটার নিবন্ধনের তালিকা সংগ্রহের একটি উদ্যোগের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তবে ওই উদ্যোগ সফল হয়নি। এমন এক সময়ে এ প্রচেষ্টা চালানো হয়েছিল, যখন চলতি সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে।
যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমে ধীলনের পদত্যাগপত্র প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি উল্লেখ করেন, গত অক্টোবরেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকার জন্য সম্মত হয়েছিলেন তিনি।
শুক্রবার টড ব্ল্যাঞ্চ আরও জানান, জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ এবং ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনেসও পদত্যাগ করেছেন।
কুইনোনেস এমন কয়েকজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে চলমান তদন্ত তদারকি করছিলেন, যাঁদের বিরুদ্ধে ট্রাম্প অভিযোগ করেছিলেন, তাঁরা তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এমন অনেক ব্যক্তির বিরুদ্ধে মামলা পরিচালনা করেছে, যাঁদের তিনি রাজনৈতিক প্রতিপক্ষ বা শত্রু বলে মনে করতেন। এসব মামলায় অভিযোগ আনার বিষয়ে অনিচ্ছুক বা অক্ষম হওয়ায় বেশ কয়েকজন সরকারি কৌঁসুলিকে চাকরি হারাতে হয়েছে বলে জানা গেছে।
বিচার বিভাগের এমনই একটি আলোচিত মামলায় এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকে গত এপ্রিল মাসে অভিযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সামুদ্রিক ঝিনুকের ছবি দিয়ে একটি পোস্টের মাধ্যমে তিনি ট্রাম্পের জীবননাশের হুমকি দিয়েছিলেন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা ট্রাম্প সরকারের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

