26.1 C
Dhaka
শনিবার, নভেম্বর ৭, ২০২৬

ইরানে ‘সীমিত’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের কয়েক দিনের মাথায় ইরানে ‘সীমিত মাত্রায়’ সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ পদক্ষেপকে ‘সামান্য’ বলে উল্লেখ করেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ওপর সীমিত মাত্রায় হামলা পরিচালনা করেছে। এ হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার কয়েক দিনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে দলটির পরাজয়ের পর শুক্রবারের হামলাটি ইরানে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক পদক্ষেপ।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান বিমান বিধ্বংসী একটি ছোট যন্ত্র তৈরি করেছিল। যুক্তরাষ্ট্র সেটি অল্প সময়ের মধ্যেই ধ্বংস করে দিয়েছে। তাঁর ভাষায়, ‘আমরা সেটি প্রায় ১৫ মিনিট—হয়তো পাঁচ মিনিটের মধ্যেই ধ্বংস করে দিয়েছি।’

তবে মার্কিন সামরিক বাহিনী এ হামলাকে ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

এদিকে শনিবার সকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ অঞ্চল।

এর আগে সোমবার কেশম ও হাঙ্গাম দ্বীপ এবং ইরানের মূল ভূখণ্ডের বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এসব এলাকায় সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

নির্বাচনে পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং জ্বালানির উচ্চমূল্য নিয়ে ভোটারদের অসন্তোষকে দেখা হচ্ছে।

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতির প্রায় প্রতিটি খাতে। জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে ভোটারদের অসন্তোষ ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে।

নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের পরও ইরানকে নিয়ে কঠোর অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। তিনি প্রায়ই ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, চলমান যুদ্ধের সমাধান হয়তো খুব কাছেই রয়েছে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ অব্যাহত

ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যকার বিরোধের অন্যতম প্রধান বিষয় হয়ে রয়েছে। ট্রাম্প বরাবরই বলে আসছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে যেকোনো চুক্তি করতে হলে দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়ে সমাধানে পৌঁছাতে হবে।

এদিকে শুক্রবার গভীর রাতে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত তথ্যের বিনিময়ে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।

পোস্টে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া এসব স্থাপনা, সরঞ্জাম বা সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থানান্তরের বিষয়ে তথ্য দিলেও পুরস্কার দেওয়া হবে। প্রয়োজনে তথ্যদাতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে সেন্টকম।

এ ঘোষণার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির একটি লিংক যুক্ত করা হয়েছে।

আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানালেন ট্রাম্প

ইরানে সামরিক হামলা চালানোর পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ট্রাম্প।

শুক্রবার দিনের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি এবং তা অব্যাহত থাকবে।’

ট্রাম্পের এ বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক আলোচনাও চালিয়ে যেতে চায় ওয়াশিংটন। তবে চলমান সংঘাতের অবসান এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইয়েমেনের রাজধানী সানায় সৌদির বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১১

ইয়েমেনের রাজধানী সানা ও আশপাশের এলাকায় সৌদি আরবের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। হামলায়...