22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার, জানাল রয়টার্স

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ দূতাবাসে এ ধরনের আবেদন এটিই প্রথম বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে তাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। তার দেশে ফেরার বিষয়ে সোমবার সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন। আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে তার প্রভাব এখনো রয়েছে। জনগোষ্ঠীর একটি অংশের মধ্যে তার প্রতি সমর্থনও রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। তার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়। গত বছরের নভেম্বরে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটে শেখ হাসিনার। এরপর তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। ক্ষমতাচ্যুতির দুই বছরের বেশি সময় পর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য তার আবেদন দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

দেশে ফেরার বিষয়ে তার সহযোগীদের বক্তব্য এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার উদ্যোগের ফলে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া কীভাবে এগোবে, তা এখনো স্পষ্ট নয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে সিয়াম-তুষি-চঞ্চলের ‘আবার দেখা হলে

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’। এতে জুটি বেঁধেছেন...