| Your Ads Here 100x100 |
|---|
বার্ষিক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। আজ বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ হবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।
ভারতের আদানি পাওয়ার পরিচালিত গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে একটি ইউনিট সংস্কারকাজের জন্য বন্ধ থাকলেও অন্য ইউনিটটি আগের মতোই চালু থাকবে। ফলে আগামী ২৫ দিন কেন্দ্রটি থেকে অর্ধেক বিদ্যুৎ উৎপাদন হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির বার্ষিক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ আগে থেকেই নির্ধারিত সূচি অনুযায়ী করা হচ্ছে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) বিষয়টি জানিয়ে সময় চেয়েছিল প্রতিষ্ঠানটি।
আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। একটি ইউনিট বন্ধ থাকায় এই সময়ে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কমে যাবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই সময়ে আদানি পাওয়ার বাংলাদেশে ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল।
তবে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকলেও আপাতত দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের মতে, শীত মৌসুমে সাধারণত দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। ফলে একটি ইউনিটের উৎপাদন বন্ধ থাকলেও অন্য উৎস থেকে বিদ্যুতের ঘাটতি সামাল দেওয়া সম্ভব হবে।
তবে শীতের কারণে বিদ্যুতের চাহিদা কম থাকলেও পরিস্থিতি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময়ে হঠাৎ বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে সরবরাহ ব্যবস্থাপনায় চাপ তৈরি হতে পারে। সে ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন তাঁরা।

