22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সপ্তাহের উদ্বোধন করেন।

এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ৬৪টি স্টল এবং ছয়টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এসব স্টলে গবাদিপশু পালন, দুগ্ধ উৎপাদন, মাংস উৎপাদন, খামার ব্যবস্থাপনা এবং এ খাতের আধুনিক প্রযুক্তি ও সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে দেশের প্রাণিসম্পদ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে স্বর্ণ ও রৌপ্য পদক তুলে দেন।

পদক বিতরণ অনুষ্ঠানে গবাদিপশুর খামার ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পুরস্কার পাওয়ার পর তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন। এ ছাড়া বিউটি পাঠার খামারের মালিক বিউটি বেগমও পদক পেয়ে অনুভূতি ব্যক্ত করেন।

পদক বিতরণ শেষে বিজয়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে একসঙ্গে ছবি তোলার পর্বে অংশ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ ছাড়া বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এ সময় তিনি প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উৎপাদিত পণ্য এবং খামারিদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।

আয়োজকরা জানিয়েছেন, রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে। বৃহস্পতিবার ২৬ নভেম্বর থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিন এসব এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দেশের প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইসলামাবাদে বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। তিন দেশের মধ্যে...