| Your Ads Here 100x100 |
|---|
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ব্রিটেনের সাধারণ মানুষের জীবনযাত্রায়। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে দেশটির লাখ লাখ পরিবারের গ্যাস ও বিদ্যুৎ বিল ২৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে পরিবারপ্রতি বছরে জ্বালানি খরচ প্রায় ৪৪৩ পাউন্ড বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা অফজেম এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, নতুন বছরের জানুয়ারি থেকে গৃহস্থালি জ্বালানির সর্বোচ্চ মূল্যসীমা বাড়ানো হবে। এর ফলে সাধারণ গ্রাহকদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে।
অফজেম প্রতি তিন মাস পরপর গ্রাহকদের গ্যাস ও বিদ্যুৎ বিলের সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণ করে। এই সীমার ভিত্তিতেই জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সাধারণ গ্রাহকদের কাছ থেকে বিল আদায় করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি থেকে এই মূল্যসীমা ২৬ শতাংশ বাড়ানো হচ্ছে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, মূল্যবৃদ্ধির ফলে একটি সাধারণ পরিবারের বার্ষিক জ্বালানি বিল প্রায় ৪৪৩ পাউন্ড বাড়বে। এতে বছরে মোট বিলের পরিমাণ দাঁড়াবে প্রায় ২ হাজার ১৬৬ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় অতিরিক্ত ৪৪৩ পাউন্ডের পরিমাণ প্রায় ৭২ হাজার ৭১৫ টাকা।
অফজেমের বাজারবিষয়ক মহাপরিচালক নিল কেনওয়ার্ড বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির ব্যয় ক্রমাগত বাড়ছে। শীতকাল সামনে থাকায় এই মূল্যবৃদ্ধি অনেক পরিবারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
নতুন এই সিদ্ধান্তের প্রভাব পড়বে ব্রিটেনের প্রায় ২ কোটি পরিবারের ওপর। এসব পরিবার পরিবর্তনশীল মূল্যহারের চুক্তিতে জ্বালানি ব্যবহার করে। তবে নির্দিষ্ট মেয়াদের জন্য নির্ধারিত দামে জ্বালানি কেনার চুক্তিতে থাকা আরও প্রায় ১ কোটি পরিবার আপাতত এই মূল্যবৃদ্ধির প্রভাব থেকে মুক্ত থাকবে। তাদের চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আগের নির্ধারিত দাম কার্যকর থাকবে।
সরকার জ্বালানি খরচের চাপ কমাতে পরিবারপ্রতি ১০০ পাউন্ড করে এককালীন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্তের ফলে এই সহায়তা পাওয়ার পরও লাখ লাখ পরিবারকে আগের তুলনায় বেশি জ্বালানি বিল দিতে হবে।
গত অক্টোবর মাসে বার্ষিক বাজেট ঘোষণার সময় সরকার প্রায় ২ কোটি পরিবারের জন্য এই ১০০ পাউন্ড সহায়তার কথা জানায়। একই সঙ্গে গ্যাস বিলের সঙ্গে যুক্ত নির্দিষ্ট কিছু ফি তুলে নেওয়ার পরিকল্পনাও ঘোষণা করা হয়। পাশাপাশি গৃহস্থালির বিদ্যুৎ বিলের ওপর সাময়িক কর ছাড়ের মেয়াদ বাড়ানো হয়েছে।
জ্বালানির এই মূল্যবৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার চলাচল ব্যাপকভাবে কমে গেছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে তেল ও প্রাকৃতিক গ্যাসের দামে।
তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপের প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ১৯০ শতাংশ বেড়েছে। নেদারল্যান্ডসভিত্তিক টিটিএফ (টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি) বাজারে গ্যাসের ভবিষ্যৎ সরবরাহের চুক্তির দাম প্রতি মেগাওয়াট-ঘণ্টায় প্রায় ৩২ ইউরো থেকে বেড়ে ৯২ ইউরোতে পৌঁছেছে। বর্তমানে এই দাম প্রায় ১০১ মার্কিন ডলারের সমান।
জ্বালানির দাম বাড়ার প্রভাব ইতোমধ্যে ব্রিটেনের সামগ্রিক অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। বিশেষ করে গাড়ির জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দেশটির মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। গত অক্টোবর মাসে ব্রিটেনের বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে ৩ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ।
বিশ্লেষকদের আশঙ্কা, জানুয়ারি থেকে গ্যাস ও বিদ্যুতের নতুন মূল্যসীমা কার্যকর হলে আগামী বছর ব্রিটেনে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এতে খাবার, পরিবহন, বাসাভাড়া ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বাড়বে।
তবে বর্তমান পরিস্থিতি ২০২২ সালের জ্বালানি সংকটের তুলনায় এখনো কিছুটা স্বস্তিদায়ক। ওই বছর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ইউরোপজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল। তখন ব্রিটেনে গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়ে যায়।
২০২২ সালের অক্টোবরে ব্রিটেনে জ্বালানির সর্বোচ্চ মূল্যসীমা একবারে ৮০ শতাংশ বাড়ানো হয়েছিল। এবারের ২৬ শতাংশ মূল্যবৃদ্ধি সেই সময়ের তুলনায় কম হলেও নতুন করে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় দেশটির সাধারণ পরিবারগুলোর ওপর আর্থিক চাপ আর বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

