| Your Ads Here 100x100 |
|---|
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিচার লেখক সম্মেলন ২০২৫’। “শেকড়ের গল্পের সন্ধানে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ আয়োজনটি বসছে আগামী বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টায়, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে।
বুধবার (২৮ মে) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফডব্লিউএবি)। সম্মেলনে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফিচার লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা।
দিনব্যাপী এই আয়োজনে থাকছে ফিচার সাংবাদিকতা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ আলোচনা। পাশাপাশি থাকছে অংশগ্রহণকারীদের জন্য নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ।
এফডব্লিউএবি-র ফাউন্ডিং চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ বলেন, “ফিচার লেখা কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, বরং এটি একটি শিল্প। এর মাধ্যমে আমরা মানুষের অন্তর্গত গল্প, সংস্কৃতি ও জীবনের গভীর দিক তুলে ধরতে পারি। এ ধরনের সম্মেলনের মাধ্যমে লেখক ও সাংবাদিকরা নতুন ধারণা লাভ করবেন এবং তরুণ শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবেন।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, “সাংবাদিকতা শুধু হার্ড নিউজের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফিচার লেখার মাধ্যমে সমাজের অজানা, অনুভূতিপূর্ণ ও মানবিক গল্পগুলো তুলে ধরা সম্ভব। এটি পাঠকের চিন্তা ও অনুভূতিকে স্পর্শ করে এবং সাংবাদিকতাকে আরও মানবিক করে তোলে।”
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

