26.1 C
Dhaka
শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

এবার আর তদবির নয়! লটারিতেই নির্ধারণ হলো ৭৬৭ প্রকৌশলীর পোস্টিং

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দেশের সরকারি দপ্তরগুলোর বদলি প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনা করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-এর কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে বদলি কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লটারির মাধ্যমে প্রকৌশলীদের নতুন কর্মস্থল ও দায়িত্বপ্রাপ্ত শাখা নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে দেশের আটটি বিভাগের জন্য পদায়নের কার্যক্রম একযোগে সম্পন্ন করা হয়।

সম্পূর্ণ কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। তাঁর উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারি পরিচালনা করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি বদলি প্রক্রিয়াকে আরও গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতেই এই নতুন পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যক্তিনির্ভর সিদ্ধান্তের পরিবর্তে একটি উন্মুক্ত ও নিরপেক্ষ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

লটারির ফল অনুযায়ী সবচেয়ে বেশি ৩১৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনায় ৭৪ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ৬৪ জন, বরিশালে ৪৪ জন, সিলেটে ৩৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৯ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীদের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে সরকারি মানবসম্পদ ব্যবস্থাপনায় এটি একটি আধুনিক, কার্যকর ও সময়োপযোগী পদ্ধতির সূচনা হিসেবে বিবেচিত হবে।

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, প্রথমবারের মতো এমন উদ্যোগ প্রকৌশলীদের মধ্যে সমতা, আস্থা এবং ন্যায্যতার পরিবেশ সৃষ্টি করবে। ভবিষ্যতে এই পদ্ধতি আরও কার্যকর প্রশাসনিক সংস্কারের পথ খুলে দিতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং যুগ্মসচিব ফৌজিয়া খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ শুধু সিভিল শাখাতেই সীমাবদ্ধ থাকছে না। আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপ-সহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রমও লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।

গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীদের লটারিভিত্তিক বদলি কার্যক্রমকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছেন বদলিকৃত একাধিক কর্মকর্তা। তাদের অভিযোগ, বদলির ক্ষেত্রে প্রচলিত নীতিমালা, সার্ভিস রুল এবং মানবিক বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। ফলে অনেক কর্মকর্তা ও তাদের পরিবার চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন।

ভুক্তভোগী কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বদলির সিদ্ধান্ত গ্রহণের আগে কোনো সুস্পষ্ট নীতিমালা অনুসরণ করা হয়নি বলে তারা দাবি করছেন। তাদের ভাষ্য, প্রচলিত বদলির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর কর্মস্থল পরিবর্তনের যে প্রক্রিয়া রয়েছে, সেটিও এ ক্ষেত্রে মানা হয়নি।

সরকারের ভাষ্য অনুযায়ী, এ ধরনের লটারিভিত্তিক বদলি ব্যবস্থা ভবিষ্যতে সরকারি প্রশাসনের অন্যান্য ক্ষেত্রেও একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে বিবেচিত হতে পারে। এখন দেখার বিষয়, এই নতুন পদ্ধতি বাস্তবে কতটা কার্যকরভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা...