গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও ধারণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়ার মোকামতলা উপজেলার দারিদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাওন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। মোটরসাইকেল চালানোর সময় অন্য ব্যক্তির মাধ্যমে ভিডিও ধারণ করে তা ফেসবুকে প্রকাশ করতেন তিনি।
সোমবার সকালে ভিডিও তৈরির সময় মোটরসাইকেল চালানোর একপর্যায়ে শাওন দুই হাত ছেড়ে দেন। কিছুদূর যাওয়ার পর তিনি বাইকের নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং গুরুতর আহত হন শাওন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।