22 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর হবে: রিজভী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে দেওয়া আদালতের দণ্ড কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে দণ্ড ঘোষণা করা হয়েছে। তিনি যদি কোনোভাবে দেশে ফিরে আসার চেষ্টা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে দেওয়া সেই বিচার ও দণ্ডের সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এ সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তাদের তৎপরতা থেমে নেই। পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে বিভিন্ন ধরনের অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভীর অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। একই সঙ্গে পোশাকশিল্পেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

রেললাইন খুলে ফেলার একটি ঘটনার কথা উল্লেখ করে রিজভী বলেন, গত পরশু ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি অংশের লাইন খুলে ফেলা হয়েছিল। সময়মতো রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে এবং অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছে।

তিনি আরও বলেন, শুধু রেলপথ নয়, সড়ক ও মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের ভেতরে ও বাইরে থেকে পতিত ফ্যাসিবাদী শক্তির অনুসারীরা এসব কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

পোশাকশিল্পের পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তাঁর দাবি, একটি চিহ্নিত গোষ্ঠী শ্রমিকদের উসকানি দিচ্ছে এবং তাঁদের কর্মস্থলে যেতে বাধা দিচ্ছে। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ এই শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।

রিজভী বলেন, এত প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছেন। দেশের অর্থনীতি ও শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করে একটি গোষ্ঠী নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের সেই চেষ্টা সফল হবে না।

তিনি বলেন, নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিটি ঘটনা ধীরে ধীরে সামনে আসছে। এসব কর্মকাণ্ডে জড়িত সন্দেহে প্রতিদিনই বিভিন্ন ব্যক্তিকে বোমা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেন রিজভী।

- Advertisement -spot_img
সর্বশেষ

কর্মদিবসের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, রাজনৈতিক কর্মসূচিতে বিপাকে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষের বাড়তি...