| Your Ads Here 100x100 |
|---|
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষের বাড়তি চাপ, জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবল টুর্নামেন্ট এবং জিয়া উদ্যানে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যান চলাচল ব্যাহত হয়। এতে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষসহ সাধারণ নগরবাসী।
রাজধানীর পল্টন, গুলিস্তান, জাতীয় স্টেডিয়াম এলাকা, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কোথাও কোথাও গাড়ি দীর্ঘ সময় একই জায়গায় আটকে থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকেই।
সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়, গুলিস্তান ও জাতীয় স্টেডিয়ামসংলগ্ন সড়কে যানবাহনের চাপ ছিল বেশি। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকেই এসব সড়কে অফিসগামী মানুষের পাশাপাশি বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চাপ বাড়ে। এর সঙ্গে স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দর্শক ও যানবাহনের অতিরিক্ত উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
অন্যদিকে, জিয়া উদ্যানে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। এর প্রভাব পড়ে বিজয় সরণি ও ফার্মগেট এলাকার সড়কগুলোতে। এসব এলাকায় যানবাহনের গতি কমে যাওয়ায় আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও রাজধানীর যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ‘ট্রাফিক অ্যালার্ট’ নামের একটি গ্রুপে ছবি ও ভিডিও প্রকাশ করে এক ব্যক্তি লেখেন, রাজনৈতিক কর্মসূচির কারণে কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে পুরো ঢাকা অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অফিসের সময় এ ধরনের কর্মসূচি না করে শুক্র বা শনিবার আয়োজন করা হলে সাধারণ মানুষের ভোগান্তি কম হতো বলেও মন্তব্য করেন তিনি।
যানজটে আটকে পড়া বেসরকারি চাকরিজীবী মো. রাজীব বলেন, সপ্তাহের প্রথম দিন সাধারণত সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। তবে রোববার পল্টন ও গুলিস্তান এলাকায় পরিস্থিতি ছিল আরও খারাপ। গাড়ি প্রায় চলছিলই না। মাত্র আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড় ঘণ্টারও বেশি সময় লেগেছে।
ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক আলী আকবর বলেন, সকাল থেকেই পুরান ঢাকা ও গুলিস্তান থেকে প্রচুর যানবাহন আসছে। স্টেডিয়াম এলাকার সড়কেও যানজট রয়েছে। একটি ট্রাফিক সংকেত পার হতেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে বাসের নির্ধারিত যাত্রার সংখ্যাও কমে যাচ্ছে।
পল্টন ও স্টেডিয়াম এলাকার যানজটের কারণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ফারজানা হক বলেন, রোববার পল্টন ও আশপাশের এলাকা এবং গুলিস্তান থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ বেশি ছিল।
তিনি জানান, এর পেছনে মূলত দুটি কারণ রয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় পুরান ঢাকা থেকে এসব এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। পাশাপাশি জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবল টুর্নামেন্ট চলায় সেখানে দর্শক ও সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। ফলে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে বিজয় সরণি ও ফার্মগেট এলাকার যানজটের বিষয়ে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনোয়ারা আক্তার রিফাত বলেন, সকালে জিয়া উদ্যানে বিএনপির একটি রাজনৈতিক কর্মসূচি ছিল। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেওয়ায় ওই এলাকায় হঠাৎ যানবাহনের চাপ বেড়ে যায়। এর ফলে আশপাশের সড়কে কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়।
তিনি আরও জানান, রাজনৈতিক কর্মসূচি শেষ হওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যানজট নিয়ন্ত্রণে সদস্যরা কাজ করছেন। যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

