| Your Ads Here 100x100 |
|---|
গাজীপুরের মৌচাকের তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাকের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় আসেন। তবে তাঁরা কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তবে এ সময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে ছত্রভঙ্গ হয়ে যান। সকাল ৯টার দিকে সড়কে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, রোববার সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। তবে মৌচাক এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দেয়। পুলিশ সক্রিয় ভূমিকা নেওয়ায় শ্রমিকরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
তিনি আরও জানান, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

