| Your Ads Here 100x100 |
|---|
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুরের শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভের পঞ্চম দিনে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোথাও সড়ক অবরোধ কিংবা বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যদের পাশাপাশি পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে বিক্ষুব্ধ শ্রমিকদের প্রতিহত করতে মহাসড়কে অবস্থান ও মহড়া দিতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের। শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা তৎপর রয়েছেন।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও গবেষণা সেল) মো. আরিফ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোনো মহাসড়ক কিংবা আঞ্চলিক সড়কে কারখানার শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। এতে শিল্পাঞ্চলের সড়কগুলোতে আগের দিনের তুলনায় কিছুটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

