| Your Ads Here 100x100 |
|---|
অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে কথা বলার পর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা সামনে এনে তাকে কটাক্ষ করছেন অনেকে। তবে এসব সমালোচনায় নিজের অবস্থান থেকে সরে আসবেন না বলে স্পষ্ট জানিয়েছেন প্রভা। তার ভাষ্য, কোনো নারী অসম্মান বা হয়রানির শিকার হলে তিনি সব সময় তার পাশে দাঁড়াবেন।
শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। সেখানে তিনি বলেন, মানুষের অপমান, কটূক্তি কিংবা চরিত্র নিয়ে প্রশ্ন তোলা তার নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। একজন নারীর সম্মান রক্ষায় প্রয়োজনে হাজারবার তার পাশে দাঁড়াবেন তিনি।
প্রভা লিখেছেন, ‘আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।’
একজন নারীর সব কর্মকাণ্ডের সঙ্গে একমত না হলেও তাকে অসম্মান করা কিংবা হয়রানি করার অধিকার কারও নেই বলে মনে করেন প্রভা। তার মতে, কোনো নারীর আচরণ অপছন্দ হতে পারে, তার কোনো কাজের সঙ্গে দ্বিমতও থাকতে পারে। কিন্তু সেই কারণে তাকে অপমান করা বা অনিরাপদ পরিস্থিতিতে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয়।
এ প্রসঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘একজন নারীর প্রতিটি কাজের সঙ্গে আমি একমত নাও হতে পারি। তার অসদাচরণ বা মানুষকে গালিগালাজ করা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তার আচরণ আমি সমর্থন করি না। কিন্তু তাই বলে তাকে অসম্মান, হয়রানি করা কিংবা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই।’
প্রভার মতে, একজন নারীর ব্যক্তিগত পছন্দ ও চরিত্র নিয়ে বিচার করার বিষয়টি তার ব্যক্তিগত পরিসরের মধ্যে থাকা উচিত। এ নিয়ে অন্য কারও বিতর্ক সৃষ্টি করার সুযোগ নেই। একজন নারীর মর্যাদা কোনোভাবেই তার ব্যক্তিগত জীবন বা আচরণ দিয়ে নির্ধারণ করা যায় না।
তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন, কোনো নারীর পাশে দাঁড়ানোর অর্থ তার সব কাজকে অন্ধভাবে সমর্থন করা নয়। বরং একজন নারী যখন অসম্মান বা হয়রানির শিকার হন, তখন তার পাশে দাঁড়ানোই মূল বিষয়। ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও নারীর নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে আপস করতে চান না তিনি।
পরীমনির সাম্প্রতিক অভিযোগের প্রসঙ্গেও নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন প্রভা। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর তার মনে হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। তবে ওই পরিস্থিতিতে পরীমনিকে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, তার জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে প্রভা লিখেছেন, ‘ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমার উপলব্ধি হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। সেই পরিস্থিতিতে তাকে যা সহ্য করতে হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে সহমর্মিতা অনুভব করি।’
নিজের অতীতের একটি ব্যক্তিগত ঘটনা সামনে এনে যারা তাকে কটাক্ষ করছেন, তাদেরও জবাব দিয়েছেন অভিনেত্রী। তার দাবি, এমন একটি ঘটনার জন্য তাকে লজ্জিত করার চেষ্টা করা হচ্ছে, যার জন্য তিনি দায়ী ছিলেন না। অন্যের অপমানজনক মন্তব্য বা বিচার তার পরিচয় নির্ধারণ করতে পারে না বলেও মনে করেন তিনি।
প্রভার ভাষায়, ‘যারা এমন একটি ঘটনার জন্য আমাকে লজ্জিত করতে চাইছেন, যে ঘটনার জন্য আমি কখনোই দায়ী ছিলাম না—আপনাদের অভিযোগ আমাকে অপরাধী করে না। আপনাদের বিচার আমার পরিচয় নির্ধারণ করে না।’
পোস্টের শেষাংশে নিজের অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরেছেন প্রভা। তার মতে, একজন নারীর পাশে দাঁড়িয়ে অপমানিত হওয়া, এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে অনেক ভালো, যারা মনে করেন নারীর মর্যাদা নির্ধারণের অধিকার তাদের রয়েছে। তাই সামাজিক মাধ্যমে সমালোচনা কিংবা ব্যক্তিগত আক্রমণের কারণে নারীর পক্ষে কথা বলা থেকে পিছিয়ে আসবেন না তিনি।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন অভিনেত্রী পরীমনি। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে এক ভিডিও বার্তায় পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের জীবনে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও জানান সাদিয়া জাহান প্রভা।
এরপর প্রভার বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকে তার অতীতের ব্যক্তিগত ঘটনা টেনে কটাক্ষ করেন। এসব সমালোচনার জবাব দিতেই নতুন পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী। নারীর সম্মান, নিরাপত্তা ও হয়রানির বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে কোনো আপস করবেন না বলেও জানিয়েছেন তিনি।

