| Your Ads Here 100x100 |
|---|
মুসলিমদের সবচেয়ে পবিত্র শহর সৌদি আরবের মক্কায় আবারও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ মক্কার দুটি এলাকায় গিয়ে পড়ে। বুধবার এ ঘটনা ঘটে।
সৌদি আরবের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুথিদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করে। তবে ক্ষেপণাস্ত্র দুটি ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ মক্কার বিভিন্ন স্থানে পড়ে।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের একটি অংশ মক্কার পবিত্র কাবা শরিফ অবস্থিত মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রামে পড়ে। অন্য অংশটি মসজিদুল হারাম থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাঘমাস এলাকায় আছড়ে পড়ে।
গত সেপ্টেম্বর থেকে সৌদি আরব ও ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও মক্কা ও মদিনাকে লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটে। তবে প্রতিবারই সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।
এদিকে মুসলিমদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ বারবার অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের ধর্মীয় স্থাপনাগুলো তাদের হামলার লক্ষ্য নয়। বরং দেশটির বিভিন্ন এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করেই তাদের সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।
মক্কায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এ ঘটনা হুথি বিদ্রোহীদের বিপজ্জনক ও শত্রুতাপূর্ণ মনোভাবের প্রকাশ।
সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাতের ইতিহাস বেশ পুরোনো। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর ফলে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ক্ষমতা হারায় এবং ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক সংকট আরও গভীর হয়।
পরিস্থিতি মোকাবিলায় ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এরপর দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ক্ষেপণাস্ত্র হামলা ও বিমান হামলা চলতে থাকে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত অনেকটাই কমে আসে। তবে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা বাড়তে শুরু করেছে। হুথিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। জবাবে সৌদি আরবও ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে।
নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় শুধু সৌদি আরব ও ইয়েমেনের নিরাপত্তাই নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপরিবহন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে আশঙ্কা বাড়ছে।
লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে বাব আল-মান্দেব প্রণালি। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে পণ্য পরিবহনের জন্য এটি আন্তর্জাতিক নৌপথের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বিশ্ববাণিজ্য, জ্বালানি পরিবহন এবং আন্তর্জাতিক পণ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। ফলে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

