24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, তীব্র নিন্দা এবি পার্টির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, একজন সংসদ সদস্যের বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়ি লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাড়ির পাঁচটি ঘর ও দুটি ছাগল পুড়ে গেছে।

এবি পার্টির নেতারা বলেন, এ হামলা শুধু একটি পরিবারের ওপর আক্রমণ নয়, বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। একজন সংসদ সদস্যের বাড়িতেই যদি এ ধরনের নৃশংস হামলার ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এমন প্রশ্নও তোলেন তারা।

তাদের অভিযোগ, সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এ ধরনের ঘটনা জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করছে।

বিবৃতিতে নুসরাত তাবাসসুম জ্যোতির রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন এবি পার্টির নেতারা। তারা বলেন, নুসরাত তাবাসসুম জ্যোতি জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা ছিলেন। তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী গণ-অভ্যুত্থান দমনের উদ্দেশ্যে তাকে তুলে নিয়ে নির্যাতন করেছিল। কিন্তু ভয়ভীতি ও নির্যাতনের মুখেও তিনি রাজপথের আন্দোলন থেকে সরে যাননি।

এমন একজন আন্দোলনকারীর বাড়িতে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা প্রতিপক্ষকে দমনের জন্য সহিংসতার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ডিসেম্বরকে সামনে রেখে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও অগ্নিসন্ত্রাস, নাশকতা ও ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে বাস ও ট্রেনে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালককে পুড়িয়ে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এসব ঘটনার পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তির সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এবি পার্টির নেতারা বলেন, সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে কারও পুনর্বাসনের সুযোগ নেই। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে কিংবা রাষ্ট্রকে অস্থিতিশীল করে অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না।

তারা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান থাকা উচিত নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার হাতিয়ার হিসেবে সহিংসতা ব্যবহারের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে।

কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তারা।

বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সরকারের প্রতি তিনটি বিষয়ে জোর দাবি জানান। তারা নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার পরিবারের সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

- Advertisement -spot_img
সর্বশেষ

রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে সিয়াম-তুষি-চঞ্চলের ‘আবার দেখা হলে

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’। এতে জুটি বেঁধেছেন...