24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে সিয়াম-তুষি-চঞ্চলের ‘আবার দেখা হলে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’। এতে জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী নাজিফা তুষি। তাঁদের সঙ্গে আরও অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীসহ একঝাঁক পরিচিত মুখ। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ফেলে আসা সময়, পুরোনো স্মৃতি এবং নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘আবার দেখা হলে’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। ছবিটির সহপ্রযোজক ও আনুষ্ঠানিক ডিজিটাল অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এ ছাড়া সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিওস।

প্রেক্ষাগৃহের জন্য নির্মাতা শঙ্খ দাশগুপ্তের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘প্রিয় মালতী’। সিনেমাটি দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেয়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত তাঁর ‘চা গরম’ ওয়েব কনটেন্টটিও দর্শকদের প্রশংসা পেয়েছিল। নতুন সিনেমাটি নিয়েও আশাবাদী নির্মাতা।

‘আবার দেখা হলে’ মূলত পারিবারিক আবহের একটি ড্রামা ঘরানার সিনেমা। তবে গল্পে শুধু আবেগ কিংবা গম্ভীর বিষয়ই থাকছে না, বরং হাস্যরসেরও উপস্থিতি থাকবে। পরিবারের বিভিন্ন বয়সী দর্শক একসঙ্গে বসে সিনেমাটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্মাতা।

সিনেমাটির গল্প সম্পর্কে শঙ্খ দাশগুপ্ত বলেন, এটি সমাজের মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এতে আবেগ, পারিবারিক মূল্যবোধ, পারিবারিক পরিবেশ, বাস্তব জীবনের নানা দ্বন্দ্ব ও নাটকীয়তা তুলে ধরা হবে। তবে দর্শকদের মনে যেন সিনেমাটি অতিরিক্ত গম্ভীর হওয়ার ধারণা তৈরি না হয়, সে বিষয়টিও মাথায় রাখা হয়েছে। গল্পের মূল আবেগের পাশাপাশি এতে পর্যাপ্ত হাস্যরস রয়েছে।

নির্মাতা আরও বলেন, দর্শকদের পরিচিত ও পছন্দের বেশ কয়েকজন অভিনয়শিল্পী এই সিনেমায় যুক্ত হয়েছেন। তাঁদের অভিনয়ও গল্পটির অন্যতম শক্তি হয়ে উঠবে বলে তাঁর বিশ্বাস।

সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, বিভিন্ন ধরনের অনুভূতি ও মানুষের জীবনের নানা দিক নিয়ে গল্প বলায় বিশ্বাস করে চরকি। ‘আবার দেখা হলে’ একটি পারিবারিক গল্প। একই সঙ্গে এটি নিজেকে নতুন করে ফিরে দেখার গল্প।

তিনি আশা প্রকাশ করেন, সিনেমাটি দেখতে গিয়ে দর্শক পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ, আবেগ ও সুন্দর কিছু মুহূর্ত ভাগ করে নিতে পারবেন।

সিয়াম আহমেদ ও নাজিফা তুষি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজ। পরিচিত ও দক্ষ অভিনয়শিল্পীদের সমন্বয়ে নির্মিত এই সিনেমাটি রোজার ঈদে দর্শকদের জন্য নতুন বিনোদনের অভিজ্ঞতা নিয়ে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

- Advertisement -spot_img
সর্বশেষ

মেটার অবকাঠামো বিভাগের প্রধানের দায়িত্ব ছাড়ছেন সন্তোষ জনার্ধন, স্থলাভিষিক্ত ডেভ ব্রাউন

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার অবকাঠামো বিভাগের প্রধানের দায়িত্ব ছাড়ছেন সন্তোষ জনার্ধন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত অবকাঠামো তৈরি...