24 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের মাহির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। নিজের প্রস্তুতি, আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নজর কেড়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত মুকুট জয়ের লড়াইয়ে এগিয়ে যাওয়া হলো না বাংলাদেশের এই প্রতিনিধির। মিস ইউনিভার্সের ৭৫তম আসরের সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা পাননি মাহি। ফলে সেমিফাইনালের প্রথম বাছাইপর্ব থেকেই শেষ হয়েছে তার যাত্রা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের জমকালো সমাপনী আয়োজন। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতার প্রথম ধাপে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। তবে সেই তালিকায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির নাম ছিল না। ফলে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ হারান তিনি।

এবারের প্রতিযোগিতায় জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে প্রশংসা পেয়েছিলেন মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত এই পর্বে লাল-সাদা রঙের খাদির শাড়ি পরে মঞ্চে হাজির হন তিনি।

মাহির পোশাকের নাম ছিল ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’। পোশাকটির মূল ভাবনায় তুলে ধরা হয় মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক। পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং নারীর জীবনের বিভিন্ন পর্যায়ের গল্পও ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়।

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড় দিয়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। শাড়ির সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। মাহির পিঠে যুক্ত করা হয়েছিল একটি বৃত্তাকার শিল্পকর্ম। সেখানে একজন নারীর শৈশব, কৈশোর, মাতৃত্ব থেকে শুরু করে বার্ধক্যে পৌঁছানোর বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়।

পুরো পোশাকের পরিকল্পনায় বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং নারীর জীবনের নানা অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক মঞ্চে এমন ভিন্নধর্মী উপস্থাপনার মাধ্যমে দেশের পরিচয় তুলে ধরতে চেয়েছিলেন মাহি।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকদের নম্বরের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন সময়ে দর্শকদের ভোটে ভালো অবস্থানে ছিলেন বাংলাদেশের এই প্রতিনিধি। সাপ্তাহিক ভোটে শীর্ষস্থানেও ছিলেন তিনি। মোট ভোটের হিসাবেও বেশ এগিয়ে ছিলেন মাহি।

তবে দর্শকদের ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাওয়ার সুযোগ ছিল মাত্র একজন প্রতিযোগীর। এ ক্ষেত্রে সর্বোচ্চ ভোট পাওয়া একজনকে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি মাহি।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। ওই বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম।

গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা করে দিয়ে নতুন ইতিহাস গড়েন। তার এই সাফল্যের পর এবারের আসরেও বাংলাদেশের প্রতিনিধিকে ঘিরে তৈরি হয়েছিল বাড়তি প্রত্যাশা।

সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে ছিলেন সামিরা খান মাহি। তবে জাতীয় পোশাক প্রদর্শনীসহ বিভিন্ন পর্বে প্রশংসা পেলেও শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা হয়নি তার। ফলে এবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্বের যাত্রা সেমিফাইনালের প্রথম বাছাইপর্বেই থেমে গেল।

- Advertisement -spot_img
সর্বশেষ

২৫ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, কমবে উৎপাদন

বার্ষিক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা...