24 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

কলম্বিয়ায় সুপারমার্কেটে অস্ত্রধারীদের হামলা, জিম্মি অন্তত ২০ জন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার কার্তাহেনা শহরের একটি সুপারমার্কেটে ঢুকে অন্তত ২০ জনকে জিম্মি করেছে কয়েকজন অস্ত্রধারী। মঙ্গলবার (২৪ নভেম্বর) নগদ অর্থ ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা সুপারমার্কেটটিতে আশ্রয় নিয়ে সেখানে থাকা লোকজনকে জিম্মি করে। এখনো জিম্মিদের মুক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কলম্বিয়ার প্রেসিডেন্টের দপ্তর এবং জাতীয় পুলিশের তথ্য অনুযায়ী, কার্তাহেনা শহরের একটি শপিং মলে নগদ অর্থ বহনকারী একটি সাঁজোয়া গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে অস্ত্রধারীরা। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে নিজেদের রক্ষা করতে তারা আন্তর্জাতিক সুপারমার্কেট চেইন ‘এক্সিতো’র একটি শাখায় ঢুকে পড়ে। পরে দোকানের ভেতরে থাকা ক্রেতা ও কর্মীদের জিম্মি করে।

প্রথমে সুপারমার্কেটটিতে থাকা ৩০ জনকে জিম্মি করেছিল অস্ত্রধারীরা। পরে তাদের মধ্যে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে সেখানে অন্তত ২০ জন জিম্মি অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর ও জাতীয় পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের পাওয়া ছবিতে দেখা গেছে, কার্তাহেনার লা কাস্তেলানা এলাকায় অবস্থিত ওই সুপারমার্কেটের বাইরে ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। এলাকাটি ঐতিহাসিক ঔপনিবেশিক স্থাপনার জন্য পরিচিত। পর্যটকদের কাছেও এটি বেশ জনপ্রিয়।

জিম্মিদের নিরাপদে উদ্ধারে পুলিশের বিশেষায়িত ইউনিটসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জাতীয় পুলিশ জানিয়েছে, সুপারমার্কেটের ভেতরে থাকা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অক্ষত অবস্থায় মুক্ত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কাজে প্রযুক্তিগত সক্ষমতা ও বিশেষায়িত দল মোতায়েন করা হয়েছে।

তবে এখন পর্যন্ত জিম্মিকারী অস্ত্রধারী কিংবা জিম্মি হওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। একই সঙ্গে হামলাকারীদের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলা জিম্মিদের দ্রুত উদ্ধারের আশ্বাস দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, দেশের মানুষকে তিনি নিশ্চয়তা দিতে চান যে, জিম্মিদের নিরাপদে মুক্ত করে আনা হবে।

অস্ত্রধারীদের মাদক চোরাচালান চক্রের সদস্য হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট আরও বলেন, এ ঘটনার জন্য দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, যারা মানুষের রক্ত ঝরিয়েছে এবং ব্যবসা ও সম্পত্তির ক্ষতি করেছে, তাদের প্রত্যেককে এসব অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। এই হামলার বিচার নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ভিলাভিসেনসিও শহর পরিদর্শনের সময় এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট। ওই শহরে আগের রাতে একটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছিল। কলম্বিয়া সরকারের দাবি, ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করা ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর একটি বিচ্ছিন্ন অংশ ওই হামলার সঙ্গে জড়িত।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে সুপারমার্কেটের ভেতরের দৃশ্য দেখা গেছে। ছবিতে কয়েকজন ব্যক্তিকে দোকানের জানালার পাশে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। তাদের হাত বাঁধা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রয়টার্স জানিয়েছে, ছবিগুলোর সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এ ঘটনায় সুপারমার্কেটটির পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রুপো এক্সিতো উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মানুষের জীবন ও নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, কার্তাহেনায় তাদের দোকানে সৃষ্ট পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোকাবিলা করছে। এ ক্ষেত্রে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে এবং জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপে সহযোগিতা করা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

২৫ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, কমবে উৎপাদন

বার্ষিক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা...