22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে এক মঞ্চে হানি সিং ও আতিফ আসলামের নাচ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং সাংস্কৃতিক অঙ্গনে নিষেধাজ্ঞার দাবি চলার মধ্যেই দুবাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে নাচতে দেখা গেল দুই দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হানি সিং ও আতিফ আসলামকে। বন্ধুর বিয়েতে তাদের এমন আনন্দঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

দুবাইয়ে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবি র‍্যাপার হানি সিং এবং পাকিস্তানের খ্যাতিমান গায়ক আতিফ আসলাম। অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে নাচতে ও আনন্দ করতে দেখা যায়। বিশেষ করে পাকিস্তানি গায়ক ও গীতিকার আবরার-উল-হকের গানের তালে তাদের নাচের দৃশ্য নজর কেড়েছে ভক্তদের।

অনুষ্ঠানটির সঞ্চালক সাদিক সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে হানি সিং ও আতিফ আসলামের নাচের ভিডিও এবং তাদের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি দুই শিল্পীর উপস্থিতি ও আনন্দমুখর সময় কাটানোর অভিজ্ঞতা তুলে ধরেন।

সাদিক সেলিমের দেওয়া তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে প্রায় সারা রাত নাচ-গানে মেতে ছিলেন হানি ও আতিফ। আবরার-উল-হকের গানের তালে তাদের নাচের মুহূর্তটি ছিল বিশেষ আকর্ষণীয়।

হানি সিংয়ের প্রশংসা করে সাদিক লেখেন, অনুষ্ঠানে প্রবেশের সময় তাকে একজন তারকার মতোই দেখাচ্ছিল। তার উপস্থিতিতে ছিল প্রাণবন্ত ভাব, ভালোবাসা ও আন্তরিকতা। পোশাক ও সাজসজ্জাতেও ছিল নিজস্ব স্টাইলের ছাপ।

অন্যদিকে আতিফ আসলামকে বরাবরের মতোই শান্ত ও প্রচারবিমুখ হিসেবে বর্ণনা করেন তিনি। সাদিক জানান, কনসার্টের মহড়া শেষ করে অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আতিফ। শেষ পর্যন্ত নিজের কথা রেখেই বিয়েতে উপস্থিত হন এই পাকিস্তানি সংগীতশিল্পী।

তবে দুই দেশের শিল্পীর একসঙ্গে নাচের বিষয়টি শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও সংগীত নিষিদ্ধের দাবি নতুন করে আলোচনায় থাকার সময়েই তাদের এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি গুরুত্ব পেয়েছে।

এ প্রসঙ্গে সাদিক সেলিম তার পোস্টে লেখেন, একদিকে পাকিস্তানের একটি নেটফ্লিক্স সিরিজের প্রচার বন্ধ করতে অভিযোগ দায়েরের উদ্যোগ চলছে, অন্যদিকে দুবাইয়ে তারা সংগীত, বন্ধুত্ব ও আনন্দ উদ্‌যাপন করছেন। তার মতে, এমন দৃশ্য কেবল দুবাইয়ের মতো জায়গাতেই দেখা সম্ভব।

এদিকে পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ হিসেবে পরিচিত ‘জো বাচে হ্যায় সাঙ্গ সমেট লো’ নিয়ে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সিরিজটির ট্রেলার প্রকাশের পরই দেশটিতে এটি প্রচার বন্ধের দাবি উঠেছে।

অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি নেটফ্লিক্স ইন্ডিয়ায় সিরিজটির প্রচার বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন।

আগামী ৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর, হানিয়া আমির ও মাহিরা খানসহ আরও অনেকে।

এর আগে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর বিশেষ প্রদর্শনী নিয়েও ভারতে বিতর্ক তৈরি হয়েছিল। অনলাইনে সমালোচনার মুখে বেঙ্গালুরুতে ধারাবাহিকটির দুটি বিশেষ প্রদর্শনী বাতিল করা হয়।

এমন পরিস্থিতিতে দুবাইয়ের বিয়ের অনুষ্ঠানে হানি সিং ও আতিফ আসলামের একসঙ্গে নাচের ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক ও সাংস্কৃতিক বিরোধের বাইরে দুই দেশের শিল্পীদের এমন বন্ধুত্বপূর্ণ মুহূর্তকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইসলামাবাদে বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। তিন দেশের মধ্যে...