জ্বালানির দাম বাড়ার পর আন্তঃজেলা ও দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাসভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত হালনাগাদ ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।
নতুন তালিকা অনুযায়ী, ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসভাড়া নির্ধারণ করা হয়েছে ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৮১ টাকা। একই রুটে ঢাকা থেকে রংপুরে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা ও ৪০ আসনের বাসে ৯১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একইভাবে সিলেট, বরিশাল, খুলনা ও টেকনাফসহ বিভিন্ন রুটেও নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
গাবতলী থেকে রাজশাহী, ঝিনাইদহ ও মেহেরপুর রুটেও ভাড়া বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মহাখালী থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটে চলাচলকারী বাসের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।
সরকার সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এই নতুন ভাড়ার তালিকা নির্ধারণ করা হয়। গত ১৮ এপ্রিল ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়, যার প্রভাব সরাসরি গণপরিবহন খাতে পড়েছে।