চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাবকে ঘিরে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে এ সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার-সংক্ষেপ পাঠানো হয়েছিল।
জানা যায়, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালিয়েন্ট বায়োসায়েন্স এলএলসি-এর অর্থায়নে ফ্লোরিডা সফরের প্রস্তাব করা হয়। সফরের লক্ষ্য ছিল মশা নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন আধুনিক ও উদ্ভাবনী পদ্ধতি সরেজমিনে পরিদর্শন করা।
তবে এ প্রস্তাবের বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এটি সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের যৌক্তিকতা, ব্যয় এবং জনস্বার্থের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার একটি বার্তা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তবে সফরটি চূড়ান্তভাবে অনুমোদন পাবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।