29.1 C
Dhaka
সোমবার, আগস্ট ১০, ২০২৬

বিরতি শেষে ফিরছেন আতিকা আফসানা, লক্ষ্য এবার অর্থবহ চরিত্র

জনপ্রিয়

দেড় বছরের বিরতি শেষে আবারও অভিনয়ে নিয়মিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মডেল ও অভিনেত্রী আতিকা আফসানা। ২০২০ সালে ফটোশুটের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা এই অভিনেত্রী পরবর্তী সময়ে নাটক ও ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেন। ক্যারিয়ারের এই সময়ে নানা ধরনের চরিত্রে দেখা গেছে তাকে।
তবে কাজের ব্যস্ততার মাঝেই নিজেকে আরও পরিপাটি করে গড়ে তোলা, পড়াশোনা ও ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সময় দিতে প্রায় দেড় বছর মিডিয়া থেকে দূরে ছিলেন আতিকা। সেই বিরতি শেষে এবার নতুন পরিকল্পনা নিয়ে ফিরতে চান তিনি।
আতিকার কাছে এবারের প্রত্যাবর্তনের অর্থ শুধু নিয়মিত কাজ করা নয়। ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং দর্শকের মনে দাগ কাটতে পারে—এমন কাজকেই অগ্রাধিকার দিতে চান তিনি। অভিনয়ের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। ভবিষ্যতে অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ আইনজীবী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন রয়েছে তার।
শোবিজে শুরুর সময়ের কথা স্মরণ করে আতিকা বলেন, ‘সেই সময়টা ছিল আমার কাছে রোমাঞ্চ ও কৌতূহলে ভরা। আয়নার সামনে পোজ দেওয়া, ক্যামেরার ফ্ল্যাশের সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা প্রথমবার নিজেকে পেশাদার ফ্রেমে দেখা—প্রতিটি অভিজ্ঞতাই ছিল নতুন। প্রতিটি শুটিং থেকে নতুন কিছু শেখার সুযোগ পেয়েছি। শুরুর সেই অভিজ্ঞতাগুলোই পরবর্তী সময়ে আমাকে তৈরি হওয়ার ভিত গড়ে দিয়েছে।’
দীর্ঘ ক্যারিয়ারে সবচেয়ে বড় শিক্ষা হিসেবে ধৈর্য ও আত্মবিশ্বাসের কথা বলেন আতিকা। তার মতে, শোবিজে চড়াই-উতরাই থাকবেই। কখনো অপ্রত্যাশিত পরিস্থিতি সামলাতে হয়, আবার কখনো নিজের কাজ নিয়েও নানা মন্তব্য শুনতে হয়। তবে এসবের মধ্যেও লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অভিনয়ের ক্ষেত্রে চরিত্রের গভীরতাকেই বেশি গুরুত্ব দেন আতিকা। মানুষের আবেগ, সংগ্রাম কিংবা মনের জটিল দিকগুলো তুলে ধরার সুযোগ রয়েছে—এমন চরিত্র তার বেশি পছন্দ। দর্শক যখন কোনো চরিত্রের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পান, সেটিকেই অভিনয়জীবনের বড় অর্জন মনে করেন তিনি।
ক্যারিয়ারের মাঝপথে বিরতি নেওয়ার পেছনে ব্যক্তিগত ও একাডেমিক কারণও ছিল। আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি পরিবার এবং নিজের জন্য সময় দিতে চেয়েছিলেন আতিকা। সেই সময়টিকে তিনি নিজের উন্নতি ও মানসিক প্রস্তুতির জন্য কাজে লাগিয়েছেন।
ফিরে এসে কাজ বাছাইয়ের ক্ষেত্রেও পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। এখন আর কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে গল্প ও চরিত্রের মানকে বেশি গুরুত্ব দিতে চান। কোনো চরিত্রে নতুন কিছু করার সুযোগ থাকলে এবং সেটি দর্শকের ওপর প্রভাব ফেলতে পারলে সেই কাজের প্রতিই তার আগ্রহ বেশি।
সিনেমা ও ওটিটি নিয়েও আগ্রহ রয়েছে আতিকার। তার মতে, এসব মাধ্যমে চরিত্রের গভীরে যাওয়ার পাশাপাশি বিস্তৃত পরিসরে গল্প বলার সুযোগ রয়েছে। তাই ভবিষ্যতে সিনেমা বা ওটিটিতে শক্তিশালী ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে চান তিনি।
ঐতিহাসিক বা জীবনীভিত্তিক চরিত্রে অভিনয়ের ইচ্ছা দীর্ঘদিনের। পাশাপাশি নারীকেন্দ্রিক থ্রিলার কিংবা তীব্র আবেগের গল্পে জটিল মানসিকতার কোনো চরিত্রেও নিজেকে দেখতে চান আতিকা। এমন চরিত্রে অভিনয় করতে চান, যা পর্দায় কাজ শেষ হওয়ার পরও দর্শকের মনে দীর্ঘদিন রয়ে যাবে।
বিরতির পর কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে বলেও জানান আতিকা। খুব শিগগিরই নতুন কাজের মাধ্যমে দর্শকের সামনে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে তার। এবার আরও পরিণত ও ভিন্নধর্মী চরিত্র দিয়ে নিজেকে তুলে ধরতে চান এই অভিনেত্রী।
আগামী দশ বছর নিয়ে তার স্বপ্নও বেশ বড়। একদিকে সফল ও মননশীল অভিনেত্রী হিসেবে দর্শকের মনে জায়গা করে নিতে চান, অন্যদিকে একজন দক্ষ আইনজীবী হিসেবেও সমাজের জন্য কাজ করতে চান। তার কাছে অভিনয় ও আইন—দুটি পরিচয় পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং একে অপরের পরিপূরক।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোবাইল না দেখলে খাবারই খায় না শিশু? অভ্যাস বদলাবেন যেভাবে

অনেক অভিভাবকই অভিযোগ করেন, মোবাইল ফোন না দিলে সন্তান খাবার খেতে চায় না। খাওয়ানোর সময় শিশুকে শান্ত রাখতে শুরুতে...