28.5 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

সালমান শাহ হত্যা মামলা: বাদীকে হুমকি, ডনের জামিন নামঞ্জুর

জনপ্রিয়

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে ‘বাড়াবাড়ি না করার’ হুমকি পেয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় মামলা নিয়ে বেশি এগোলে সালমান শাহর ছোট ভাই শাহরানকেও ‘একইভাবে’ হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন আলমগীর কুমকুম। এ সময় হুমকির বার্তার একটি স্ক্রিনশটও সাংবাদিকদের দেখান তিনি।
আলমগীর কুমকুমের ভাষ্য অনুযায়ী, সালমান শাহর ভক্ত পরিচয় দেওয়া ‘মামুন’ নামে এক ব্যক্তির ফেসবুক লাইভে মন্তব্যের মাধ্যমে হুমকিটি দেওয়া হয়। ‘Shakil Kibria’ নামের একটি আইডি থেকে ওই মন্তব্য করা হয়েছিল বলে দাবি তাঁর। পরে মন্তব্যটি মুছে ফেলা হয়।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আলমগীর কুমকুম বলেন, রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারণ, সালমান শাহ হত্যা মামলাটি এই থানাতেই দায়ের করা হয়েছে।
এদিকে, একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে মামলার আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দেন।
আদালত প্রাঙ্গণে উপস্থিত ‘মামুন’ সাংবাদিকদের জানান, সালমান শাহর ভক্তদের নিয়ে মানববন্ধনের আহ্বান জানাতে তিনি ফেসবুক লাইভে ছিলেন। ওই সময় লাইভের মন্তব্যে হত্যার হুমকি আসে। পরে মন্তব্যটি সরিয়ে ফেলা হয়। তিনি হুমকির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
এর আগে গত রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লিও, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।
গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। তাঁর মৃত্যুর পর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে একটি অপমৃত্যুর মামলা করেন। পরবর্তী সময়ে সালমান শাহকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

একাদশে ভর্তি: এবারও পরীক্ষা নয়, ফলের ভিত্তিতে ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এবারও কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল এবং শিক্ষার্থীদের পছন্দক্রমের...