প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১২ জুলাই একই আদালত তানজিন তিশাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন নেন এই অভিনেত্রী।
জামিনের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। তিনি মামলার বাদীপক্ষের বিরুদ্ধে তাকে হুমকি ও হয়রানির অভিযোগ তোলেন। তিশার দাবি, এ বিষয়ে তার কাছে বেশ কিছু তথ্য ও প্রমাণ রয়েছে, যা তিনি উপযুক্ত সময়ে প্রকাশ করবেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠান থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা করবেন এবং পরবর্তী সময়ে মূল্য পরিশোধ করবেন—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
তবে পরবর্তীতে শাড়িটির মূল্য পরিশোধ না করে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ করেন মামলার বাদী।
মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়।
অন্যদিকে তানজিন তিশা অভিযোগটি অস্বীকার করে বলেন, মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়িকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে এমন ঘটনায় আদালতে দাঁড়াতে হওয়াকে তিনি দুঃখজনক বলেও মন্তব্য করেন।
তিশা আরও বলেন, তিনি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।