| Your Ads Here 100x100 |
|---|
শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করেছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজিবির বার্তায় বলা হয়, শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে মোতায়েন করা সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তাঁরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শুধু সদস্য মোতায়েনই নয়, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণেও বিশেষ ব্যবস্থা নিয়েছে বিজিবি। মাঠপর্যায়ের কার্যক্রমের সঙ্গে সমন্বয় রাখতে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
এ কাজে ড্রোন, সদস্যদের শরীরে সংযুক্ত ক্যামেরা এবং বিশেষ পর্যবেক্ষণ যন্ত্রের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে। এসব ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়াই তাদের এই কার্যক্রমের মূল লক্ষ্য। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে টহল এবং নজরদারি অব্যাহত থাকবে।

