| Your Ads Here 100x100 |
|---|
ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ওটিটিতে বেশ কয়েকটি কাজ করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে সিনেমার কাজে ব্যস্ত থাকায় ওয়েব সিরিজে তাঁকে খুব একটা দেখা যায়নি। এবার নতুন চরিত্র ও ভিন্নধর্মী গল্প নিয়ে আবারও ওটিটিতে ফিরছেন এই অভিনেত্রী।
নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে অভিনয় করেছেন ফারিণ। মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম দর্শনেই রহস্য ও কৌতূহল তৈরি করেছে সিরিজটির প্রকাশিত ছবিগুলো।
প্রকাশিত একটি ছবিতে বিয়ের সাজে হাতে পিস্তল নিয়ে দেখা গেছে ফারিণকে। অন্য একটি ছবিতে বিয়ের পোশাকে তাঁর পেছনে কালো পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তিন ব্যক্তিকে। তাঁরা হলেন ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখ। ছবিগুলোতে চরিত্রগুলোর উপস্থিতি সিরিজটির গল্প নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
সিরিজটিতে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। নিজের নতুন কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী জানান, চরিত্রটি তাঁর আগের কাজগুলোর তুলনায় বেশ আলাদা। গল্পটি ডার্ক কমেডি ঘরানার হওয়ায় অভিনয়ের ক্ষেত্রেও নতুন অভিজ্ঞতা হয়েছে তাঁর।
ফারিণ বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু অন্যরকম। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। আমার কখনো কমেডি সিরিজ করা হয়নি, এটা প্রথমবার। থ্রিলার, মার্ডার-মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও আনন্দ পাবে, আমার জন্যও নতুন কিছু হবে।’
নির্মাতা ইমরাউল রাফাত জানান, সিরিজটির গল্প ও নির্মাণশৈলীতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রতিটি পর্বে দর্শকদের আগ্রহ ধরে রাখতে গল্পে নানা স্তর ও চমক রাখার চেষ্টা করেছেন তাঁরা। বিশেষ করে প্রতিটি পর্বের শেষ অংশে এমন কিছু ঘটনা থাকবে, যা পরবর্তী পর্ব দেখার আগ্রহ তৈরি করবে।
তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিফহ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’
সিরিজটিতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা পার্থ শেখও। সাম্প্রতিক সময়ে বিভিন্ন চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। ‘ডাকাতিয়া বাঁশি’তে তাঁর চরিত্রেও রয়েছে ভিন্নতা। তবে চরিত্রটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
অন্যদিকে গান ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া আরফান মৃধা শিবলুকেও দেখা যাবে সিরিজটিতে। প্রকাশিত ফার্স্টলুকে তাঁকে বন্দুক হাতে দেখা যাওয়ায় তাঁর চরিত্র নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
এ বিষয়ে আরফান মৃধা শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম। এছাড়াও গল্পটি নিয়ে আমার আরেকটা ভালো লাগা আছে। সেটা হলো, এখানে একটা ফ্যামিলির গল্প আছে।’
‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। এতে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু, সাইদুর রহমান পাভেলসহ অনেকে।
ডার্ক কমেডির সঙ্গে পারিবারিক গল্প, রহস্য ও নানা অপ্রত্যাশিত ঘটনা মিলিয়ে সিরিজটি নির্মাণ করা হয়েছে। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘ডাকাতিয়া বাঁশি’।

