| Your Ads Here 100x100 |
|---|
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা ছাড়া আপাতত অন্য কোনো আইনি বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর দাবি, নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার সামনে রায়ের বিরুদ্ধে আপিল করার আর কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার আপিল করার সুযোগ আছে কি না, সে বিষয়ে আইনের ব্যাখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিন পার হয়ে গেলে আর আপিল করার সুযোগ থাকে না। এটি আইনের বাধ্যতামূলক বিধান।
তিনি বলেন, শেখ হাসিনা নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমে অংশ নেননি। বিচারের মুখোমুখি হতে তিনি বাংলাদেশেও আসেননি। এমনকি রায় প্রকাশের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিলও করেননি। ফলে প্রচলিত আইনে তাঁর আপিল করার সুযোগ শেষ হয়ে গেছে।
চিফ প্রসিকিউটরের ভাষ্য, আপিল বিভাগে যদি তাঁর আপিল গ্রহণের সুযোগ না থাকে, তাহলে সংবিধানের ১০৪ অনুচ্ছেদের অধীনেও নতুন করে কোনো আবেদন করার সুযোগ থাকবে না। এ অবস্থায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা হচ্ছে। এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, সাধারণ হত্যা মামলার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আইনি কাঠামোর পার্থক্য রয়েছে। সাধারণ হত্যা মামলায় দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ডের রায় দিলে তা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নিতে হয়। এ ক্ষেত্রে হাইকোর্টের দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়টি পর্যালোচনা করে অনুমোদন দেন।
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে এ ধরনের অনুমোদনের প্রয়োজন নেই বলে দাবি করেন তিনি। তাঁর ব্যাখ্যা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক বেঞ্চ তিনজন বিচারক নিয়ে গঠিত হয়। তাঁদের প্রত্যেকের হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা রয়েছে অথবা তাঁরা হাইকোর্টের বিচারপতি। এ কারণে ট্রাইব্যুনালকে হাইকোর্টের সমমর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার সুযোগ নেই। সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে হয়। তাই সাধারণ ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে যে নিয়ম অনুসরণ করা হয়, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার ক্ষেত্রে একইভাবে প্রয়োগ করা যাবে না।
আমিনুল ইসলামের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন একটি বিশেষ আইন। এ ক্ষেত্রে সাধারণ তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়। তিনি বলেন, লিমিটেশন অ্যাক্টের ২৯ ধারার ২ উপধারায় বিশেষ আইনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের নিজস্ব বিধান অনুসরণের কথা বলা হয়েছে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ওই আইনের নির্দিষ্ট বিধানই অনুসরণ করতে হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে ফিরে মামলা মোকাবিলার ইচ্ছা থাকলে তিনি রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে দেশে এসে আপিল করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।
তবে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন জানাতে হবে বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁদের জানা নেই।
শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর জন্য কী ধরনের আইনি সুযোগ থাকবে, সে বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে চাননি চিফ প্রসিকিউটর। তাঁর ভাষ্য, তাঁকে বাংলাদেশে পাওয়া গেলে তখন আইনগত সুযোগ, প্রক্রিয়া এবং পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত হবে।
এ সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদের আপিলের বিষয়টিও সামনে আসে। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, আবুল কালাম আজাদের মামলার পরিস্থিতি আলাদা। তিনি নির্ধারিত সময়ের বাইরে আপিল করেছিলেন। ফলে আইন অনুযায়ী সেই আপিল গ্রহণযোগ্য নয়।
তবে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি চিফ প্রসিকিউটর।

