| Your Ads Here 100x100 |
|---|
ন্যূনতম বেতনসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে এক নারীসহ দুই শ্রমিক আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষের কারণে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহত দুই শ্রমিক হলেন আলমগীর ও রাজিয়া। তাদের দুজনের শরীরেই রাবার বুলেটের আঘাত লেগেছে। এর মধ্যে নারী শ্রমিক রাজিয়ার মাথায় রাবার বুলেট লাগে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এ নোটিশের পর শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
অন্যদিকে জামগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় এসে হাজিরা দিলেও কাজে যোগ দেননি। তারা কর্মবিরতি পালন করে নিজেদের দাবির পক্ষে বিক্ষোভ করেন।
পরে আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের অন্যান্য পোশাক কারখানার প্রধান ফটকের সামনে গিয়ে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে তারা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া করে এবং তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় দুই শ্রমিক আহত হন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, মঙ্গলবার সকালে রাবার বুলেটের আঘাতে আহত দুই পোশাকশ্রমিক হাসপাতালে আসেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাত ছিল। আহত নারী শ্রমিক রাজিয়ার মাথায় গুলি লাগে। অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, সকালে পোশাকশ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তারা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিতে ধাওয়া করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে।
শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

