26 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

হুথিদের ক্ষেপণাস্ত্র তৈরির তিন স্থাপনা ধ্বংসের দাবি সৌদি জোটের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সংযোজনের কাজে ব্যবহৃত তিনটি স্থাপনা ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার পাশাপাশি রাসায়নিক ও ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদনের স্থাপনাও রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান সৌদি-ইয়েমেনি সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে আনতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

জোটের দাবি অনুযায়ী, ধ্বংস করা তিনটি স্থাপনার প্রথমটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন ও সংযোজনের কারখানা। দ্বিতীয় স্থাপনাটি ছিল একটি রাসায়নিক কারখানা, যেখানে ক্ষেপণাস্ত্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত কঠিন প্রপেল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক মিশ্রণ উৎপাদন করা হতো।

অন্যদিকে, তৃতীয় স্থাপনাটি ব্যবহার করা হতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক ব্যবস্থা ও বিভিন্ন যন্ত্রাংশ সংযোজনের কাজে। এসব স্থাপনা ধ্বংসের ফলে হুথিদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও ব্যবহারের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেছে সামরিক জোট।

বিবৃতিতে মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, সৌদি আরব ও ইয়েমেনে বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুথিদের বারবার হামলার জবাব দিতেই এ অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান, হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির নেটওয়ার্ক দুর্বল ও ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত রাখবে সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে হুথিদের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা ধ্বংসের পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার চেষ্টা চালায় হুথি বিদ্রোহীরা।

সৌদি জোটের দাবি, এ সময় দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়। পাশাপাশি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে দুটি এবং সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সৌদি জোট। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

পরপর এসব হামলা ও পাল্টা সামরিক অভিযানের ঘটনায় ইয়েমেনকে ঘিরে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বাইরে বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা ছাড়া আপাতত অন্য কোনো আইনি বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক...