| Your Ads Here 100x100 |
|---|
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের ভুল বা অসত্য তথ্য না দেওয়ার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণের ক্ষেত্রে তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ পরামর্শ দেওয়া হয়।
বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনপত্রে দেওয়া প্রতিটি তথ্যের সঠিকতা ও সত্যতা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই আবেদন করার সময় ব্যক্তিগত, পেশাগত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে যাচাই করে দিতে হবে। কোনো ধরনের ভুল, বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের নিজেরাই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। এ কাজে প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত সদস্য অথবা ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে।
তবে ভিসা আবেদনের নামে বিভিন্ন তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের বক্তব্য অনুযায়ী, ভিসা আবেদনের সব তথ্যের দায়ভার আবেদনকারীর নিজের ওপরই বর্তায়। তাই অন্যের ওপর নির্ভর না করে সতর্কতার সঙ্গে নিজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। এতে ভুল তথ্য দেওয়া বা অপ্রয়োজনীয় অর্থ খরচের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

