| Your Ads Here 100x100 |
|---|
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল ও আজ মিলিয়ে মোট ছয়টি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে আগুনের শিকার হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।
সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় এসব ট্যাংকার মাইনের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে দুটি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গত দুই সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে প্রায় প্রতিদিনই তেলবাহী জাহাজ দুর্ঘটনা কিংবা হামলার শিকার হচ্ছে। তবে এসব ঘটনার পেছনে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের হাত রয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশ। তাদের দাবি, ইরান সরাসরি তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই দিনই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।
এর আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তেল ও পণ্যবাহী জাহাজ নির্বিঘ্নে এই প্রণালি দিয়ে চলাচল করত। কিন্তু সংঘাত শুরুর পর থেকে সেই স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর পাহারায় কিছু তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করছে। তবে এসব জাহাজও প্রায়ই ইরানের হামলার ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান কয়েকটি শর্ত দিয়েছে। দেশটির দাবি, প্রণালিতে আগের মতো স্বাভাবিকভাবে জাহাজ চলাচল নিশ্চিত করতে হলে বিদেশে জব্দ থাকা ইরানের অর্থ ছাড়তে হবে। একই সঙ্গে দেশটির ওপর আরোপিত তেলবাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
এ ছাড়া আন্তর্জাতিক বাজারে ইরানি তেল বিক্রির ওপর আর কোনো বাধা না রাখার দাবিও জানিয়েছে তেহরান। এসব শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক করা কঠিন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটি।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালানোর আশঙ্কাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির ওপর আবারও হামলা হলে এবার সহজে যুদ্ধবিরতিতে রাজি হবে না তারা।
ইরানের বক্তব্য, যত দিন পর্যন্ত দেশটির নেতৃত্ব যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজন মনে করবে, তত দিন সংঘাত অব্যাহত থাকবে। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পথে জাহাজ চলাচল দীর্ঘ সময় ব্যাহত হলে আন্তর্জাতিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

