26 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

স্বর্ণের বাজারের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়ার দাবি, সরকারকে আইনি নোটিশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দেশের স্বর্ণবাজারের সার্বিক নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের অধীনে আনার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বেসরকারি ব্যবসায়ী সংগঠনগুলোর ইচ্ছামতো স্বর্ণের দাম নির্ধারণ বন্ধ, স্বর্ণ আমদানি-রপ্তানি ও মজুত ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ আইনি নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, দেশের স্বর্ণবাজারের লাইসেন্স প্রদান, আমদানি-রপ্তানি কার্যক্রম, মজুত ব্যবস্থাপনা, ভল্টের নিরীক্ষা, সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপের হিসাব সংরক্ষণ এবং প্রতিদিনের স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকিতে আনতে হবে।

নোটিশে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ৭(এ) ও ৮ নম্বর ধারার উল্লেখ করে বলা হয়েছে, দেশের মুদ্রা ও ঋণব্যবস্থা নিয়ন্ত্রণ, মুদ্রার মান বজায় রাখা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। স্বর্ণ শুধু সাধারণ কোনো বাণিজ্যিক পণ্য নয়; এটি দীর্ঘদিন ধরে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক অর্থনীতিতেও স্বর্ণকে বিকল্প মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ রিজার্ভ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।

কিন্তু বাংলাদেশে স্বর্ণকে সাধারণ ভোগ্যপণ্যের মতো বিবেচনা করে এর নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের মধ্যে বিভক্ত রাখা হয়েছে বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। এর ফলে স্বর্ণের বাজারে কার্যকর নজরদারির ঘাটতি তৈরি হয়েছে। এই সুযোগে দেশে সমান্তরাল কালোবাজার গড়ে উঠেছে বলেও দাবি করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকি না থাকায় কিছু বেসরকারি ব্যবসায়ী সংগঠন ও সিন্ডিকেট কোনো আইনি কর্তৃত্ব ছাড়াই নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন স্বর্ণের দাম বাড়াচ্ছে বা কমাচ্ছে। এতে স্বর্ণের বাজারে অস্বাভাবিক মূল্য ওঠানামা তৈরি হচ্ছে।

আইনজীবীর দাবি, স্বর্ণের দাম এভাবে বাড়তে থাকলে দেশের মুদ্রা টাকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্রয়ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে স্বর্ণের দাম ঘন ঘন বাড়ার কারণে বাজারে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সঞ্চয়ের ওপরও প্রভাব পড়ছে।

নোটিশে স্বর্ণের অবাধ ও নজরদারিহীন প্রবাহকে হুন্ডি এবং বাণিজ্যের আড়ালে অর্থপাচারের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে। এর মাধ্যমে দেশের অর্থ বিদেশে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কালোবাজারি ও কর ফাঁকির সঙ্গে জড়িত চক্র ব্যাংকিং ব্যবস্থার নজরদারি এড়াতে অবৈধ অর্থ স্বর্ণে রূপান্তর করে গোপনে মজুত করছে বলেও নোটিশে দাবি করা হয়েছে।

এ ধরনের বাজার কারসাজি এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর নজরদারির অভাব বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সঙ্গে সাংঘর্ষিক বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংবিধানের ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার, ৪০ অনুচ্ছেদে পেশা ও ব্যবসার স্বাধীনতা এবং ৪২ অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

নোটিশে স্বর্ণের বাজারে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে। এর আওতায় স্বর্ণ ব্যবসার লাইসেন্স প্রদান, আমদানি-রপ্তানি, বাণিজ্যিক ভল্ট পরিচালনা এবং স্বর্ণের মজুত ব্যবস্থাপনা কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তদারকিতে আনার কথা বলা হয়েছে।

একই সঙ্গে স্বর্ণের সব ধরনের কেনাবেচা ও মজুতের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অধীনে ডিজিটাল কেন্দ্রীয় হিসাবব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে। এতে স্বর্ণের উৎস, মালিকানা, মজুত ও লেনদেনের তথ্য সহজে যাচাই করা সম্ভব হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বেসরকারি ব্যবসায়ী সংগঠনগুলোর একক সিদ্ধান্তে স্বর্ণের দাম নির্ধারণের ব্যবস্থা বন্ধ করে আন্তর্জাতিক বাজারদর, সরকারি বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং প্রযোজ্য শুল্ক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিদিনের দাম নির্ধারণের দাবি জানানো হয়েছে।

স্বর্ণের মাধ্যমে অর্থপাচার, কালো টাকা গোপন করা এবং কর ফাঁকি দেওয়ার ঘটনা প্রতিরোধে বাণিজ্যিক ভল্ট ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়মিত ফরেনসিক নিরীক্ষার আওতায় আনার কথাও বলা হয়েছে।

আইনি নোটিশে এসব বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নোটিশদাতাকে লিখিতভাবে অবহিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে জাতীয় মুদ্রার মান রক্ষা এবং জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বাইরে বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা ছাড়া আপাতত অন্য কোনো আইনি বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক...