| Your Ads Here 100x100 |
|---|
রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রধান ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থেকেও আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ধানমন্ডি-৩২ নম্বরের ঘটনাস্থল থেকে একটি কাগজও উদ্ধার করা হয়, যাতে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা ছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রধান ফটকের সামনে ককটেল ও একটি কাগজ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে। পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। বেলা ১২টার দিকে দলটি ধানমন্ডি-৩২ নম্বরে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
অন্যদিকে, ধানমন্ডি সিটি কলেজের পাশেও দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেখান থেকে ককটেল দুটি উদ্ধার করেন। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সেগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
ধানমন্ডি-৩২ নম্বর ও সিটি কলেজের পাশ থেকে মোট চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।
ধানমন্ডি-৩২ নম্বরে ককটেলের সঙ্গে উদ্ধার হওয়া কাগজের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, সেটি কোনো চিঠি নয়, একটি কাগজ। সেখানে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা রয়েছে।
তবে ককটেলগুলো কারা সেখানে রেখেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

