| Your Ads Here 100x100 |
|---|
ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংকক। দেড় হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে সেখানে গিয়ে মাত্র ১২ ঘণ্টা অবস্থান, একটি অনুষ্ঠান উপস্থাপনা এবং আবার ঢাকায় ফিরে আসা। শুনতে অবাক লাগলেও এমন ব্যস্ত সফরই করে দেখিয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ।
সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থাপনার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান তিনি। তবে এই সফরে দীর্ঘ সময় থাকার কোনো পরিকল্পনা ছিল না তার। ঢাকা থেকে মেকআপ নিয়েই বিমানে ওঠেন মৌসুমী। ব্যাংককে পৌঁছে সরাসরি হোটেলে গিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করেন। এরপর একই সাজ ও পোশাকে আবার ঢাকায় ফিরে আসেন।
নিজের এই ব্যতিক্রমী সফরের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কয়েকটি ভিডিওর মাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
মেকআপ নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিওতে মৌসুমী মৌ জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনি মেকআপ নিচ্ছেন। রাত ২টায় তার ফ্লাইট। পরিকল্পনা অনুযায়ী, ভোর সাড়ে ৫টার দিকে ব্যাংককে পৌঁছানোর কথা। সেখান থেকে হোটেলে যেতে যেতে সকাল সাড়ে ৮টা বাজবে। এরপর সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান উপস্থাপনা শুরু করার কথা ছিল তার।
পরিকল্পনা অনুযায়ী, বিকেল ৪টায় অনুষ্ঠান শেষ করে রাতের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু যাত্রার আগমুহূর্তে নতুন এক সমস্যায় পড়েন এই উপস্থাপক।
বিমানে ওঠার প্রায় দুই ঘণ্টা আগে তিনি জানতে পারেন, অনুষ্ঠানের সময় পরিবর্তন করা হয়েছে। সকাল সাড়ে ৯টার পরিবর্তে অনুষ্ঠান শুরু হবে সাড়ে ৮টায়। অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই তাকে ব্যাংককের হোটেলে পৌঁছাতে হবে। ফলে পুরো যাত্রায় আরও তাড়াহুড়া করতে হয় তাকে।
এই ব্যস্ত সফরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘুমের অভাব। কারণ থাইল্যান্ড যাওয়ার আগের রাতেও ঘুমাতে পারেননি মৌসুমী। দীর্ঘ বিমানযাত্রা, সময়ের চাপ এবং ঘুমহীনতার মধ্যেও নির্ধারিত সময়ে অনুষ্ঠানের ভেন্যুতে পৌঁছান তিনি।
নিজেকে সতেজ রাখতে পুরো সময় বারবার পানি ও ব্ল্যাক কফি পান করতে হয়েছে তাকে। শারীরিক ক্লান্তি থাকলেও পেশাগত দায়িত্ব পালনে কোনো ছাড় দেননি এই তারকা উপস্থাপক।
মৌসুমী জানান, এমন অভিজ্ঞতা তার জন্য একেবারে নতুন নয়। এর আগেও মাত্র ১০ ঘণ্টার জন্য থাইল্যান্ড সফর করেছিলেন তিনি। কাজের প্রয়োজনে এমন ব্যস্ততা ও শারীরিক ধকল সামলাতে হলেও উপস্থাপনার প্রতি ভালোবাসা থেকেই এসব করেন।
তার ভাষায়, উপস্থাপনা তার ভালোবাসার জায়গা। আর সেই ভালোবাসার টানেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে অল্প সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করে আবার দেশে ফিরেছেন মৌসুমী মৌ।

